টাইগ্রেসদের অস্ট্রেলিয়ায় ট্রেনিংয়ে পাঠাতে চান প্রধানমন্ত্রী
বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী ক্রিকেটারদের গণভবনে আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ দুপুরে দুই দলের খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। সেই সাক্ষাতে টাইগ্রেসদের অস্ট্রেলিয়ায় ট্রেনিংয়ে পাঠানোর ইচ্ছা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।
প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সফরে বাংলাদেশে এসেছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। টাইগ্রেসদের সঙ্গে ওয়ানডে শেষে টি-টোয়েন্টি সিরিজে লড়ছে অস্ট্রেলিয়ান মেয়েরা। এরই ফাঁকে প্রধানমন্ত্রীর দাওয়াত পায় দুই দলের ক্রিকেটাররা। আজ অস্ট্রেলিয়ার পুরো ক্রিকেট দলের সঙ্গে বাংলাদেশের ১৫ সদস্যের টি-টোয়েন্টি দল গিয়েছিল গণভবনে। উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন, নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল। এছাড়া বাংলাদেশে কর্মরত অস্ট্রেলিয়ার হাই কমিশনার নার্ডিয়া সিম্পসনও গিয়েছিলেন প্রধানমন্ত্রীর দাওয়াতে।
বিসিবির নারী বিভাগের প্রধান শফিউল আলম নাদেল গণমাধ্যমকে জানান, সাক্ষাতের সময় টাইগ্রেসদের অস্ট্রেলিয়ায় ট্রেনিং করতে পাঠানোর কথা বলেছেন প্রধানমন্ত্রী। নাদেল বলেন, ‘প্রধানমন্ত্রী দুই দলের নারী ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছেন। বাংলাদেশের ক্রিকেটারদের সুযোগ সুবিধার খোঁজ খবরও নিয়েছেন। অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের সঙ্গে ভালো খেলতে না পারলেও প্রধানমন্ত্রী মেয়েদের অনুপ্রাণিত করেছেন। ক্রিকেটারদের হাতে উপহারও তুলে দিয়েছেন তিনি।’
নাদেল বলেন, ‘সবাইকে ঈদের পর আবার দাওয়াত দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী। আমাদের সাবেক অনেক ক্রিকেটারসহ পুরো দলকে যেতে বলেছেন তিনি।’
