‘প্রত্যাশার চেয়েও ভালো খেলেছেন সাকিব’
চট্টগ্রাম টেস্ট দিয়ে দীর্ঘ ১ বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরলেন সাকিব আল হাসান। আহামরি পারফর্ম করতে না পারলেও দলের তুলনায় খারাপ ছিল না টাইগার অলরাউন্ডারের ভূমিকা। পারফর্ম করেন ব্যাটে-বলে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ভাষ্য, প্রত্যাশার চেয়েও ভালো করেছেন সাকিব।
শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় টেস্টেও প্রথম ইনিংসে ১৫ রান করেন সাকিব আল হাসান। বল হাতে নেন ৩ উইকেট। দ্বিতীয় ইনিংসে সাকিবের ব্যাট থেকে আসে ৩৬ রান। উইকেট নেন একটি। চট্টগ্রাম টেস্টের পর সাকিবকে প্রশংসায় ভাসিয়ে অধিনায়ক শান্ত বলেন, ‘উনি অনেক দিন পর খেললেন, আমার মনেই হয়নি ৩৭ বছর বয়সী একজন খেলছেন, প্রায় এক বছর পর টেস্ট খেলছেন। ৩৭ ওভার বল করেছেন প্রথম ইনিংসে। ৩ উইকেটও নিলেন। ব্যাটিংটা যেভাবে করেছেন দ্বিতীয় ইনিংসে, যতটুকু আশা করেছিলাম, তার থেকে বেশি পেয়েছি তার কাছ থেকে। সত্যি কথা হলো, টেস্ট ক্রিকেটে এমন অভিজ্ঞ খেলোয়াড় থাকলে অনেক সুবিধা হয়। মাঠে বিভিন্ন ধরনের ফিডব্যাকও দিয়েছেন।’
বিপিএল খেলে শ্রীলঙ্কা সিরিজ থেকে বিশ্রাম নিয়েছিলেন সাকিব আল হাসান। তবে ছুটি শেষ হওয়ার আগেই দ্বিতীয় টেস্ট দিয়ে ফিরলেন তিনি। শান্তর দাবি, তিনি আগে থেকেই জানতেন যে, সাকিব টেস্ট খেলবেন। শান্ত বলেন, ‘আমি অনেক আগে থেকেই জানতাম উনি দ্বিতীয় টেস্টটা খেলবেন। প্রস্তুতির দিক থেকে ঠিক ছিল। হ্যাঁ, আগে থেকে জানতে পারলে অবশ্যই ভালো। আমি আশা করবে যে আগে থেকে জানতে পারব। কারণ সবসময় ওনার পরিকল্পনাটা পরিষ্কারই থাকে। তিনি পরিকল্পনাটা আমাদের দিয়ে দেন।’
