৬৫ হ্যাটট্রিক রোনালদোর, সবচেয়ে বেশি কার?
বয়সটাকে সংখ্যার হিসাবে আটকে রেখেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ৩৯ বছর বয়সেও ছড়াচ্ছেন পুরনো দ্যুতি। আল নাসর এফসির হয়ে প্রতিনিয়ত পাচ্ছেন গোলের দেখা। দুর্দান্ত রোনালদো ক্লাব ফুটবলে টানা দুই ম্যাচে পেয়েছেন হ্যাটট্রিকের দেখা। সবশেষ মঙ্গলবার রাতে সৌদি প্রো লীগের ম্যাচে আবহা ক্লাবের বিপক্ষে রোনালদোর হ্যাটট্রিকে ৮-০ গোলের বড় জয় পায় আল নাসর। এর আগে আল তা’ঈ এফসির বিপক্ষেও তিন গোল করেন রোনালদো।
আবহা ক্লাবের মাঠ প্রিন্স সুলতান বিন আব্দুল আজিজ স্টেডিয়ামে গোল উৎসবের শুরুটা করেন ক্রিস্টিয়ানো রোনালদোই। পর্তুগিজ সুপারস্টারের নৈপুণ্যে ম্যাচের ১১তম মিনিটে লিড নেয় আল নাসর। ২১তম মিনিটে ব্যবধান বাড়ান রোনালদো। ৩৩তম মিনিটে স্কোরলাইন ৩-০ করেন সেনেগালিজ ফরোয়ার্ড সাদিও মানে। ৪২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনালদো। পর্তুগাল অধিনায়কের ক্যারিয়ারে ৬৫তম হ্যাটট্রিক এটি। ফুটবল ইতিহাসে সর্বাধিক হ্যাটট্রিকের তালিকায় দুইয়ে রোনালদো। শীর্ষে থাকা প্রয়াত ব্রাজিলিয়ান কিংবদন্তির হ্যাটট্রিক ৯২টি। তালিকার তিনে থাকা লিওনেল মেসির হ্যাটট্রিক সংখ্যা ৫৬। ফুটবলের পরিসংখ্যান বিষয়ক ওয়েবসাইট অপ্টার তথ্য মতে, বয়স ত্রিশ পেরোনোর আগে ৩০টি হ্যাটট্রিক করেন রোনালদো। বাকি ৩৫টি করেন ত্রিশের পর।
রোনালদোর হ্যাটট্রিকের পর ম্যাচের ৪৪তম মিনিটে অ্যারাবিয়ান মিডফিল্ডার আব্দুলহামিদ আল-সুলাইহিমের গোলে ৫-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে আরো তিন গোল পায় আল নাসর।
২৬ ম্যাচে ২০ জয় ও ২ ড্র্রয়ে ৬২ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লীগ টেবিলের দুইয়ে আল নাসর এফসি। শীর্ষে থাকা আল হিলালের পয়েন্ট ৭৪। আল নাসর পিছিয়ে ১২ পয়েন্টে। আর ১৮তম স্থানে থাকা আবহা ক্লাবের পয়েন্ট ২২।
