টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবেন না বেন স্টোকস
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আগে অবসর ভেঙে মাঠে ফেরেন বেন স্টোকস। ভারত বিশ্বকাপে খেললেও আসন্ন টি-টোয়েন্টি ওয়ার্ল্ডকাপে দেখা যাবে না ইংলিশ অলরাউন্ডারকে। সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বকাপ থেকে নাম প্রত্যাহার করে নিয়েছেন স্টোকস।
২০২২ সালে হঠাৎ খেলা ছেড়ে দেন বেন স্টোকস। এরপর ওয়ানডে বিশ্বকাপের আগে অবসর ভেঙে মাঠে ফেরেন তিনি। তবে চোট সমস্যা থাকায় স্টোকসকে শুধু ব্যাটারের ভূমিকাতেই দেখা যায়। হাঁটুর ইনজুরির কারণে সবশেষ ভারতের বিপক্ষে ৫ ম্যাচের টেস্ট সিরিজে মাত্র ৫ ওভার বোলিং করতে পেরেছেন। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, ভবিষ্যতে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে ফেরার লক্ষ্যেই টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নিয়েছেন স্টোকস। এর আগে আইপিএল খেলতেও অনীহা প্রকাশ করেন ৩২ বছর বয়সী এই অলরাউন্ডার।
বেন স্টোকস বলেন, ‘আইপিএল ও টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে নাম সরিয়ে নেয়াটা আশা করছি এমন এক ত্যাগ হবে, যা আামাকে ভবিষ্যতে যেমন অলরাউন্ডার হতে চাই, সেটা হওয়ার সুযোগ দেবে। সম্প্রতি হওয়া টেস্ট সিরিজ দেখিয়ে দিয়েছে হাঁটুর অস্ত্রোপচারের পর এবং ৯ মাস বোলিং না করে বোলিংয়ের জায়গা থেকে আমি কতটা পিছিয়ে পড়েছি!’
আন্তর্জাতিক ক্রিকেট না খেললেও কাউন্টি দল ডারহামের হয়ে প্রথম শ্রেণিতে খেলবেন স্টোকস। তিনি বলেন, ‘গ্রীষ্ম শুরুর আগে কাউন্টি চ্যাম্পিয়নশিপে ডারহামের হয়ে খেলার জন্য আমি উন্মুখ হয়ে আছি।’
স্টোকস বলেন, ‘বোলিং ফিটনেসের দিকে মনোযোগ দিয়ে পূর্ণাঙ্গ অলরাউন্ডার হিসেবে সব সংস্করণের ক্রিকেটে ফেরার জন্য আমি কঠোর পরিশ্রম করছি।’
আগামী ২রা জুন শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসর।
