টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের শঙ্কায় বাংলাদেশ
অস্ট্রেলিয়ার কাছে হেরেই চলেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ঘরের মাঠে ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়া টাইগ্রেসরা ইতোমধ্যে হাতছাড়া করেছে টি-টোয়েন্টি সিরিজ। টানা দুই হারে নিগার সুলতানা জ্যোতির দল আবারো ধবলধোলাইয়ের শঙ্কায় পড়েছে।
আজ তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে অস্ট্রেলিয়ার কাছে ৫৮ রানে হারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে জর্জিয়া ওয়ারেহামের ফিফটিতে ভর করে ১৬১ রান তোলে অস্ট্রেলিয়া। জবাবে ৯ উইকেটে ১০৩ রান তুলতে সমর্থ্য হয় টাইগ্রেসরা।
রান তাড়ায় ব্যাটিংয়ে নেমে ওপেনিং জুটিতে ৩৪ রান তোলে বাংলাদেশের দুই ওপেনার মুর্শিদা খাতুন এবং দিলারা আক্তার। মুর্শিদা ১২ বলে ৮ রান করে আউট হলে ভাঙে এই জুটি। এরপর দলীয় সংগ্রহে মাত্র ১৪ রান যোগ করে আরো তিন উইকেট হারায় টাইগ্রেসরা। সোবহানা মোস্তারি ৫, অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ১ এবং ওপেনার দিলারা আক্তার দলীয় সর্বোচ্চ ২৭ রানে সাজঘরে ফেরেন। এরপর পঞ্চম উইকেটে ৩০ রানের জুটি গড়েন ফাহিমা খাতুন এবং স্বর্ণা আক্তার। দলীয় ৭৮ রানে ফাহিমা (১৫) ফিরলে ভাঙে এই জুটি। স্বর্ণা আউট হন ২১ রানে। রাবেয়া আক্তার ১৪* এবং ফারিহা তৃষ্ণা ১* রানে অপরাজিত থাকেন।
বাংলাদেশের ইনিংসে তিনটি করে উইকেট নেন অ্যাশলে গার্ডনার এবং সোফি মোলিনেক্স। দুই উইকেট নেন মেগান স্কাট।
এর আগে টসে জিতে ব্যাটিংয়ে নেমে দলীয় ১৫ রানেই প্রথম উইকেট হারায় অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। ৭ বলে ২ রান করে আউট হন ওপেনার ফোবে লিচফিল্ড। অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করেন জর্জিয়া ওয়ারেহাম। ওপেনার গেইস হ্যারিসের সংগ্রহ ৪৭ রান। ৩৪ বলের ইনিংসটি ৬ চার ও ১ ছক্কায় সাজান তিনি। এছাড়া এলিসা পেরি ২৯, তাহলিয়া ম্যাকগ্রা ১৯ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
অস্ট্রেলিয়ার ইনিংসে ৪ ওভারে ১৯ রানের খরচায় ৪ উইকেট নেন বাংলাদেশের ফারিহা তৃষ্ণা। শেষ ওভারে হ্যাটট্রিকও করেন এই বাঁহাতি পেসার। ২০তম ওভারের ৪র্থ বলে অস্ট্রেলিয়ার এলিসা পেরিকে ফেরান তিনি। ৫ম বলে ফারিহার শিকার সোফি মোলিনেক্স। আর ওভারের শেষ বলে বেথ মুনিকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফারিহা। এছাড়া দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার এবং ফাহিমা খাতুন।
