সাভারের সড়ক দুর্ঘটনায় পণ্ড ডিপিএলের ম্যাচ
সাভারে তেলের ট্যাংকার উল্টে ৪ গাড়িতে আগুন লেগেছে। ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে স্থগিত হয়েছে ঢাকা প্রিমিয়ার লীগের দুটি ম্যাচ।
আজ বিকেএসপিতে ডিপিএলের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ-শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং পার্টেক্স স্পোর্টিং ক্লাব-প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের। তবে ভোরে হেমায়াতপুরের জোড়পুলে সড়ক দুর্ঘটনায় তৈরি হয় যানজট। এতে ম্যাচ ভেন্যু বিকেএসপিতে পৌঁছাতে পারেনি দলগুলো।
ম্যাচ দুটি স্থগিত হওয়ার খবরটি নিশ্চিত করেছেন ডিপিএলের আয়োজক সিসিডিএমের সদস্য সচিব আলী হোসেন। তিনি জানান, স্থগিত হওয়া ম্যাচ দুুটি মঞ্চস্থ হবে আগামীকাল। বুধবার সাভারে রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব-শাইনপুকুর ক্রিকেট ক্লাব এবং ব্রাদার্স ইউনিয়ন-সিটি ক্লাব ম্যাচ হওয়ার কথা ছিল। স্থগিত হওয়া ম্যাচ দুটি পেছানোয় এই ম্যাচ দুটি হবে বৃহস্পতিবার। আগামী ৪ঠা এপ্রিল ডিপিএলে কোনো ম্যাচ নেই।
সাভারে হেমায়েতপুরে তেলবাহী একটি ট্যাংকার উল্টে আগুনে লেগে আরো দুটি ট্রাক ও একটি প্রাইভেট কার পুড়ে যায়। এই ঘটনায় দুজনের মৃত্যু হয়। দগ্ধ হয়েছেন সাতজন।
