টেস্ট শেষ হওয়ার আগেই দেশে ফিরলেন চান্দিমাল
চট্টগ্রাম টেস্ট শেষ না করেই দেশে ফিরে গেলেন শ্রীলঙ্কান ব্যাটার দিনেশ চান্দিমাল। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, পারিবারিক কারণে জরুরিভিত্তিতে দেশে ফিরতে হয়েছে এই উইকেটরক্ষক ব্যাটারকে।
আজ চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিনে অংশ নেননি দিনেশ চান্দিমাল। সকালেই শ্রীলঙ্কার বিমান ধরেন তিনি। ক্রিকেটভিত্তিক সংবাদ মাধ্যম ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, পরিবারের মেডিকেল ইমার্জেন্সির কারণে দেশে ফিরে গেছেন চান্দিমাল। তবে লঙ্কান ব্যাটারের পরিবারের কে অসুস্থ, তা জানা যায়নি। চান্দিমালের দেশে ফেরার বিষয় নিয়ে শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) বিবৃতিতে বলা হয়, ‘শ্রীলঙ্কা ক্রিকেট, তার সতীর্থ এবং কোচিং স্টাফের সদস্যরা এ সময়ে দিনেশ চান্দিমালকে পূূর্ণ সমর্থন দিচ্ছে। তার এবং তার পরিবারের গোপনীয়তাকে সম্মান করতে অনুরোধ করছে বোর্ড।’
চট্টগ্রাম টেস্টে শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ১০৪ বলে ৫ চার ও ২ ছক্কায় ৫৯ রান করেন দিনেশ চান্দিমাল। দ্বিতীয় ইনিংসে এই উইকেটরক্ষক ব্যাটারের সংগ্রহ ৯ রান।
