ফারিহার হ্যাটট্রিক, টাইগ্রেসদের টার্গেট ১৬২ রান
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি বাংলাদেশ ও অস্ট্রেলিয়া নারী দল। আজ মিরপুরে আগে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেসদের ১৬২ রানের টার্গেট দেয় অস্ট্রেলিয়ার মেয়েরা। বল হাতে হ্যাটট্রিক করেন বাংলাদেশের বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণা।
ফারিহা হ্যাটট্রিক করেন অস্ট্রেলিয়ার ইনিংসের শেষ ওভারে। ২০তম ওভারের ৪র্থ বলে অস্ট্রেলিয়ার এলিসা পেরিকে ফেরান তিনি। ৫ম বলে ফারিহার শিকার সোফি মলিনেক্স। আর ওভারের শেষ বলে বেথ মুনিকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন ফারিহা। ৪ ওভারে ১৯ রানের খরচায় মোট ৪ উইকেট নেন তৃষ্ণা। এছাড়া দুটি করে উইকেট নেন নাহিদা আক্তার এবং ফাহিমা খাতুন।
অস্ট্রেলিয়ার ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করেন জর্জিয়া ওয়ারেহাম। এছাড়া গ্রেইস হ্যারিস ৪৭, এলিসা পেরি ২৯ এবং তাহলিয়া ম্যাকগ্রা ১৯ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে ১০ উইকেটে হারায় অস্ট্রেলিয়া। চলতি ম্যাচটি সিরিজ বাঁচানোর লড়াই টাইগ্রেসদের। আগামী ৪ঠা এপ্রিল সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও অস্ট্রেলিয়া।
