বিশ্বরেকর্ড গড়েই জিততে হবে টাইগারদের
ধনাঞ্জয়া ডি সিলভা যখন ইনিংস ঘোষণা করলেন তখন রান পাহাড়ের নিচে পড়ে হাবুডুবু খাচ্ছে সাবিক-শান্তরা। চাইলে আগের দিনই আবারও শান্তদের ব্যাটিংয়ে পাঠাতে পারতেন লঙ্কান কাপ্তান। কিন্তু তিনি তা করেননি। নিজেরাই মাঠে নেমে গেলেন। যদিও সেই ইনিংসে বেশি সুবিধা করতে পারেননি। তবে আজ মাঠে নেমে বেশি সময় নেননি। দ্রুতিই ইনিংস ঘোষণা করেছেন। ততক্ষণে অবশ্য সফরকারীদের লিড গিয়ে ঠেকেছে ৫১০ রানে। বাংলাদেশের সামনে এখন টার্গেট ৫১১।
জেতার জন্য চতুর্থ ইনিংসে ইতিহাসই গড়তে হবে টাইগারদের। টেস্ট ইতিহাসে রান তাড়ার রেকর্ড ৪১৮ রানের। বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্সের হিসেবে যা অসম্ভব কল্পনাই বলা যায়। চলতি সিরিজে এখন পর্যন্ত ২০০ রান করতে না পারা বাংলাদেশের জন্য তাই বড় এক পরীক্ষা অপেক্ষা করছে চট্টগ্রামের মাঠে। এর আগে বাংলাদেশের সর্বোচ্চ রানতাড়ার রেকর্ড ২১৫ রানের। সেটাও এসেছিল শ্রীলঙ্কার বিপক্ষে।
এর আগে ৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে শ্রীলঙ্কা। মূলত বোলারদের বিশ্রাম দিতেই বাংলাদেশকে ফলো-অনে পাঠাননি লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। তাতে অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি। শেষ বিকেলে বাংলাদেশি পেসার হাসান মাহমুদ একাই নিয়েছেন ৪ উইকেট। চট্টগ্রামে টাইগারদের সুখস্মৃতি হয়ে থাকলো, কেবল এই স্পেলটাই।
এর আগে চট্টগ্রামে শুরু থেকেই দাপট দেখিয়েছে শ্রীলঙ্কা। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের ফ্ল্যাট পিচের পুরো সুবিধা আদায় করেছে সরকারী দলটি। প্রথম ইনিংসে তাদের সংগ্রহ ছিল ৫৩১ রানের। জবাবে নিজেদের ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশ দল অলআউট হয়েছে ১৭৮ রানে। দ্বিতীয় ইনিংসে ৭ উইকেটে ১৫৭ রান করে ইনিংস ঘোষণা করে দিয়েছে সফরকারীরা। প্রথম ইনিংসের ৩৫৩ রানের লিডসহ বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়িয়েছে ৫১১ রানের। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ কোন ইউকেট না হারিয়ে ৩১ রান করেছে।
