আমরা পুুরোপুরি ব্যর্থ হয়েছি: জাকির
চট্টগ্রাম টেস্ট
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে দাপট দেখিয়েছে বাংলাদেশ। যদিও এর আগেই ম্যাচ হাত থেকে বেরিয়ে গেছে টাইগারদের। ব্যাটিংয়ে ও ফিল্ডিংয়ে রঙহীন পারফরম্যান্সে চট্টগ্রাম টেস্টে বড় হারের শঙ্কায় বাংলাদেশ। তৃতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে এসে ব্যর্থতার দায় মাথা পেতে নেন টাইগার ওপেনার জাকির হাসান।
জাকির বলেন, ‘আসলে কারণটা আর কী বলব, আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। আমরা কেউ সামর্থ্য অনুযায়ী পারফর্ম করতে পারিনি। আমার কাছে মনে হয় যে, আমাদের যে ভূমিকাটা ছিল, কেউই তা পালন করতে পারিনি। ব্যাটিংয়ের ক্ষেত্রে আমাদের যেমন খেলার কথা ছিল, হয়তো আমরা ও রকম খেলতে পারিনি।’
শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে ৩২৮ রানে হারে বাংলাদেশ। সেই ম্যাচের বাজে স্মৃতি কি প্রভাব ফেলছে চট্টগ্রামে টাইগারদের পারফরম্যান্সে? জাকির বলেন, ‘ওটা (অতীত ব্যর্থতার প্রভাব) কাজ করা উচিত না। আমার হয়তো ওভাবে করে না। আমি চেষ্টা করি প্রতিদিনই নতুনভাবে শুরু করার। আসলে অন্য কারোর করলে আমি তা জানি না। কিন্তু আমার মনে হয়, এগুলো চিন্তা না করে বর্তমানে আমরা ভালো পারফর্ম করতে পারি, সেটাই গুরুত্বপূূর্ণ আমাদের জন্য।’ সিলেট টেস্টে দুই ইনিংস মিলিয়ে মোটে ২৮ রান করা জাকির আজ বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন।
ব্যাটিংয়ের চুলচেরা বিশ্লেষণের আগে মৌলিক দিকগুলো ঠিকমতো হচ্ছে কি না, সেদিকে মনোযোগ দিতে চান জাকির। তিনি বলেন, ‘আমরা তো আমাদের যে কাজটা করার, সেটা করতে পারিনি। মানে প্রথম পরিকল্পনাটা যদি কাজে লাগাতে পারি, তখন পরের পরিকল্পনা করা উচিত।’
চট্টগ্রাম টেস্টে বাংলাদেশের ক্যাচ মিসের প্রসঙ্গ নিয়ে জাকির বলেন, ‘অবশ্যই ক্যাচ ড্রপ হলে সবার খারাপ লাগে। এই ম্যাচেও আমাদের অনেক ক্যাচ ড্রপ হয়েছে। আসলে এটা তো কোনো অজুহাত হতে পারে না। ভুলগুলো শোধরানোর চেষ্টা করছি আমরা।’
