মায়ামি ওপেন জিতে সিনারের ইতিহাস
বছরের শুরুতে ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্লাম শিরোপা জেতেন ইয়ানিক সিনার। চ্যাম্পিয়ন হন অস্ট্রেলিয়ান ওপেনে। এরপর ফেব্রুয়ারিতে জেতেন রটারডাম ওপেন। এবার মায়ামি ওপেনের ফাইনালে গ্রিগর দিমিত্রভকে হারালেন ইতালিয়ান টেনিস তারকা। আর এতে পুরুষদের এটিপি র্যাঙ্কিংয়ে দুইয়ে উঠলেন সিনার। গড়লেন ইতিহাস।
রোববার ফ্লোরিডায় মায়ামি গার্ডেন্সে হার্ড রক স্টেডিয়ামে মায়ামি ওপেনের ফাইনালে বুলগেরিয়ান গ্রিগর দিমিত্রভকে পাত্তাই দেননি ইয়ানিক সিনার। ৬-৩, ৬-১ গেমে জিতে ট্রফি উঁচিয়ে ধরেন ২২ বছর বয়সী এই ইতালিয়ান। দারুণ জয়ে ক্যারিয়ার সেরা দ্বিতীয় স্থান অর্জন করেন সবশেষ ২৬ ম্যাচের ২৫টিতে জেতা সিনার। কার্লোস আলকারাজকে এক ধাপ নিচে নামিয়ে ১৯৭৪ সালে এটিপি র্যাঙ্কিং প্রথম প্রকাশিত হওয়ার পর থেকে প্রথম ইতালিয়ান হিসেবে সেরা দুইয়ের মধ্যে জায়গা পেলেন সিনার।
এটিপি র্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা নোভাক জকোভিচের পয়েন্ট ৯ হাজার ৭২৫। ৮ হাজার ৭১০ পয়েন্ট নিয়ে দুইয়ে ইয়ানিক সিনার। তিনে থাকা কার্লোস আলকারাজ গার্ফিয়ার পয়েন্ট ৮ হাজার ৬৪৫।
মায়ামি ওপেনে তৃতীয়বার ফাইনালে উঠে অবশেষে শিরোপার দেখা পেলেন ইয়ানিক সিনার। ২০২১ ও ২০২৩ সালে মায়ামিতে রানার্সআপ হন তিনি। চ্যাম্পিয়ন হয়ে সিনার বলেন, ‘আমর জন্য সপ্তাহটা দারুণ কেটেছে। কোর্টে বিভিন্ন খেলোয়াড়ের বিপক্ষে নানারকম পরিস্থিতির মুখোমুখি হয়েছি।’
রেকর্ডগড়া এটিপি র্যাঙ্কিং অর্জন করে সিনার বলেন, ‘আজ (রোববার) আমি দারুণ উজ্জীবিত ছিলাম। বিশ্বের সব (টেনিস) খেলোয়াড়দের মধ্যে দুই নম্বর হতে পেরে আমি খুব খুশি। তবে এটি কেবলই একটা সংখ্যা। আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, কোর্টে নিজের ম্যাচ পরিকল্পনা কাজে লাগাতে পারা এবং আমি সেটা করতে পেরেছি।’
