সান্তোসে ফিরবেন, জানালেন নেইমার
চোটের কারণে মাঠের বাইরে নেইমার। খেলায় না থাকলেও দলবদলের সম্ভাবনায় নিয়মিত খবরের শিরোনাম হচ্ছেন ব্রাজিলিয়ান সুপারস্টার। গুঞ্জন উঠেছে, বার্সেলোনায় ফিরতে পারেন নেইমার। সম্প্রতি মায়ামি সফরে গিয়ে ইন্টার মায়ামির মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে ডিনার সেরে নতুন গুঞ্জনের জন্ম দেন আল হিলাল তারকা। তবে বার্সেলোনা কিংবা ইন্টার মায়ামি নয়, নেইমার যোগ দেবেন নিজের প্রথম ক্লাব সান্তোসে। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নিজেই দিয়েছেন খবরটি।
গত নভেম্বরে হাঁটুর চোটে পড়েন নেইমার। এরপর আর মাঠে ফেরা হয়নি ব্রাজিলিয়ান সুপারস্টারের। খবর ছড়ায়, চোটের কারণে মাত্র ৫ ম্যাচে নেইমারকে পাওয়া আল হিলাল তার সঙ্গে চুক্তি বাতিল করতে চায়। চুক্তি বাতিল হোক বা না হোক, সৌদি প্রো লীগ পাঠ চুকিয়ে নেইমার যোগ দেবেন সান্তোসে। রোববার রাতে ব্রাজিলিয়ান ফুটবল লীগ পাউলিস্তা ১-এ পালমেইরাসকে ১-০ গোলে হারায় সান্তোস। ম্যাচটি মাঠে বসে দেখেন নেইমার। এমনকি ম্যাচ শেষে যান সান্তোসের ড্রেসিংরুমে। ফুটবলবিষয়ক গণমাধ্যম গোলডটকমের খবর, সাজঘরে সান্তোস প্লেয়ারদের নেইমার বলেছেন, তিনি ফিরবেন ক্লাবটিতে।
এর আগে সান্তোস সভাপতি মার্সেলো টিসেরাও নেইমারের ফেরার সম্ভাবনার কথা জানিয়েছিলেন। গত ফেব্রুয়ারিতে এক সাক্ষাৎকাওে টিসেরা বলেছিলেন, ‘তার (নেইমার) সংক্ষিপ্ত কথা হয়েছে। যদিও সংক্ষিপ্ত কথাই বেশি ফলপ্রসূ হয়। এখানে (সান্তোস) খেলতে হলে, তার আগে ভালোভাবে সুস্থ হতে হবে। সভাপতি টিসেইরার কথায় স্পষ্ট যে, নেইমারকে নিয়ে পরিকল্পনা করছে সান্তোস। গত ২২শে নভেম্বর লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেই ম্যাচে লিগামেন্ট ছিঁড়ে যায় নেইমারের। চোটের কারণে আসন্ন কোপা আমেরিকাতেও খেলতে পারবেন না ব্রাজিলের পোস্টারবয়।
২০০৯ সালে সান্তোসের জার্সিতেই ফুটবল ক্যারিয়ার শুরু করেন নেইমার। ক্লাবটিতে আলো ছড়িয়ে ২০১১ সালে যোগ দেন বার্সেলোনায়। এরপর পিএসজি হয়ে নেইমার এখন আল হিলাল এফসিতে।
