বদলি হয়ে হতাশ এমবাপ্পে, দিলেন ‘রহস্যজনক’ বার্তা
মৌসুম শেষে পিএসজি ছাড়বেন কিলিয়ান এমবাপ্পে। যোগ দেবেন রিয়াল মাদ্রিদে। এই খবর প্রকাশ্যে আসার পর থেকেই ফরাসি ফরোয়ার্ডকে প্রায় প্রতি ম্যাচে বদলি করান পিএসজি কোচ লুইস এনরিকে। লা প্যারিসিয়ানদের সবশেষ ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের বিপক্ষেও ৯০ মিনিট খেলার সুযোগ হয়নি এমবাপ্পের। বিষয়টি নিয়ে হতাশ ফরাাসি ফরোয়ার্ড ম্যাচ শেষে দেন রহস্যজনক বার্তা।
আগামী ৩০শে জুন পিএসজির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে কিলিয়ান এমবাপ্পের। ইউরোপিয়ান গণমাধ্যমগুলোর খবর, এরপরই ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন ফরাসি ফরোয়ার্ড। বিষয়টি নিয়ে অবশ্য এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমবাপ্পেও প্রকাশ্যে এ নিয়ে কিছু বলেননি। তবে ২৫ বছর বয়সী বিশ্বকাপজয়ী তারকার সবশেষ ইনস্টাগ্রাম পোস্ট দেখলে বিদায়ের একটা ইঙ্গিত রয়েছে।
রোববার রাতে ফরাসি লিগ ওয়ানের ম্যাচে অলিম্পিক মার্শেইয়ের মাঠ ভেলেড্রোম স্টেডিয়ামে ২-০ গোলের জয় পায় পিএসজি। সেই ম্যাচে সাবস্টিটিউট হওয়া এমবাপ্পে ম্যাচ শেষে ইনস্টাগ্রামে নিজের একটি ছবি পোস্ট করেন। এমবাপ্পের ব্যাকসাইডের ছবিটিতে দেখা যায়, হতাশ এমবাপ্পে মাথা নুইয়ে ফিরছেন সাজঘরে, হাতে ছিল পিএসজির অধিনায়কত্বের আর্মব্যান্ড। ছবিটিকে এমবাপ্পের পিএসজি ত্যাগের আগাম বার্তা বলছেন নেটিজেনরা। এক রিয়াল মাদ্রিদ ভক্ত এমবাপ্পের ছবিতে লিখেছেন, ‘মন খারাপ করো না। শেষে তুমি বিশ্বের সেরা ক্লাবের সঙ্গী হতে চলেছো, (ক্লাবটি হলো) রিয়াল মাদ্রিদ।’ মজার ছলে একজন লিখেছেন, ‘রিয়ালে তোমাকে এভাবে বদলি বানানো হবে না।’ সালেহ ফালাহ নামের এক অ্যাকাউন্ট থেকে লেখা হয়েছে, ‘মাত্র ২ মাস পরই পৃথিবীর সেরা ক্লাবে খেলতে যাচ্ছো তুমি।’ সেনিওরা নামের একজন লিখেছেন, ‘এইতো আর কিছু ম্যাচ। এরপরই রিয়ালে আমরা এক সঙ্গে সাফল্য উপভোগ করব।’
কিছুদিন আগে এমবাপ্পেকে নিয়মিত বদলি বানানোর যুক্তি হিসেবে পিএসজি কোচ লুইস এনরিকে বলেছিলেন, এমবাপ্পেকে ছাড়া খেলায় অভ্যস্ত হওয়ার চেষ্টা করছে তার দল।
