নেতৃত্ব হারালেন জামাই শাহিন আফ্রিদি, বিস্মিত শ্বশুর শহীদ আফ্রিদি
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে রঙিন পোশাকের নতুন অধিনায়ক নির্বাচন করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে ফেরানো হয়েছে বাবর আজমকে। এতে অধিনায়কত্ব হারিয়েছেন শাহিন শাহ আফ্রিদি। পাক পেসার নেতৃত্ব হারানোয় বিস্ময় প্রকাশ করেছেন তার শ্বশুর ও পাকিস্তানের সাবেক অধিনায়ক শহীদ আফ্রিদি।
২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর বাবর আজমের কাছ থেকে তিন ফরম্যাটের অধিনায়কত্ব কেড়ে নেয় জাকা আশরাফের নেতৃত্বাধীন পিসিবি। টি-টোয়েন্টির দায়িত্ব দেয়া হয় পেসার শাহিন শাহ আফ্রিদিকে। টেস্টের নেতৃত্বে আসেন শান মাসুদ। কিছুদিন আগে গঠিত হয়েছে পিসিবির নতুন কমিটি। নতুন সভাপতি হয়েই পাকিস্তানের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক পাল্টালেন মহসিন নাকভি। নিজের এক্স হ্যান্ডেলে শহীদ আফ্রিদি লিখেন, ‘নির্বাচক কমিটিতে থাকা খুব অভিজ্ঞ ক্রিকেটারদের নেয়া সিদ্ধান্ত দেখে আমি বিস্মিত হয়েছি।’
গত সপ্তাহে এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান মহসিন নাকভি বলেছিলেন, ‘আমি আসলে জানি না। নতুন অধিনায়ক নির্বাচন করা হবে নাকি শাহিনকে রাখা হবে।’ এরপরই শাহিন আফ্রিদির নেতৃত্ব হারানোর শঙ্কা জাগে। সেসময় শহীদ আফ্রিদি বলেছিলেন, ‘আপনি যদি অধিনায়ক বদলান, তাহলে হয় তাকে নিয়োগ দিয়ে ভুল করেছেন, নয়তো এখন পরিবর্তন করে ভুল করছেন।’ এর আগে শাহিন আফ্রিদি যখন পাকিস্তানের অধিনায়ক হন, তখনও পিসিবির সিদ্ধান্তকে ভুল দাবি করেছিলেন শহীদ আফ্রিদি। তিনি বলেছিলেন, ‘অধিনায়ক হিসেবে যোগ্য মোহাম্মদ রিজওয়ান।’ ফের এই উইকেট রক্ষককে নেতৃত্বে না আনায় বিস্মিত আফ্রিদি। তিনি বলেন, ‘আমি এখনো মনে করি পরিবর্তন যদি দরকারই ছিল, তাহলে সেরা বিকল্প ছিল রিজওয়ান। সিদ্ধান্ত যখন নেয়াই হয়ে গেছে, আমি পাকিস্তান দল এবং বাবর আজমকে পূর্ণ সমর্থন দিয়ে যাব।’
