তৃতীয় দিন শেষে ৪৫৫ রানের লিড শ্রীলঙ্কার
চট্টগ্রাম টেস্ট
বাংলাদেশকে ফলো-অনে ফেলে ৩৫৩ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে শ্রীলঙ্কা। দ্বিতীয় দফায় ব্যাটিংয়ে নেমে আক্রমণাত্মক শ্রীলঙ্কা ১০২ রানে হারায় ৬ উইকেট। ৪৫৫ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করবে সফরকারীরা।
শ্রীলঙ্কার দ্বিতীয় ইনিংসে বল হাতে নৈপুণ্য দেখান হাসান মাহমুদ। ১১ ওভারে ৫১ রানের খরচায় ৪ উইকেট নেন অভিষিক্ত এই পেসার। দুটি উইকেট নেন খালেদ আহমেদ। ৯ ওভারে ২৯ রান দেন এই পেসার।
আগুন ঝরাচ্ছেন হাসান মাহমুদ
অভিষেক টেস্টে আগুনে বোলিং করছেন হাসান মাহমুদ। শ্রীলঙ্কার প্রথম ইনিংসে ২ উইকেট নেয়া এই টাইগার পেসার দ্বিতীয় ইনিংসে এরইমধ্যে তুলে নিয়েছেন ৪টি উইকেট। হাসানের চতুর্থ শিকার লঙ্কান অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা। ১৬.৩ ওভারে উইকেটে ক্যাচ দেয়ার আগে ৭ বলে ১ রান করেন প্রথম ইনিংসে ৭০ রান করা ধনঞ্জয়া। ১৬.৪ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ৮২ রান শ্রীলঙ্কার। লিড ৪৩৫ রানের।
৭২ রানে ৪ উইকেট নেই শ্রীলঙ্কার
দ্বিতীয় ইনিংসে আক্রমণাত্মক ব্যাটিং করছে শ্রীলঙ্কা। এতে দ্রুত উইকেটও হারাচ্ছে লঙ্কানরা। ৭২ রানে ৪ উইকেট হারিয়েছে সফরকারীরা। ১৪.৪ ওভারে হাসান মাহমুদের তৃতীয় শিকার হন দিনেশ চান্দিমাল। ৭ বলে ২ বাউন্ডারিতে ৯ রান করেন তিনি। ১৫ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ৭২ রান শ্রীলঙ্কার। লিড ৪২৫ রানের।
মাদুষ্কাকে ফিরিয়ে জুটি ভাঙলেন হাসান
মাত্র ১৫ রানে দুই উইকেট হারানোর শ্রীলঙ্কার বিপদ সামলানোর প্রচেষ্টায় ৪৫ রানের জুটি গড়েন নিশান মাদুষ্কা এবং অ্যাঞ্জেলো ম্যাথিউস। বিপদ হয়ে ওঠা এই পার্টনারশিপ ভাঙলেন হাসান মাহমুদ। টাইগার পেসারের করা ১২.৫ ওভারে ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ৪৫ বলে ৫ বাউন্ডারিতে ৩৪ রান করা মাদুষ্কা। ১৩ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে শ্রীলঙ্কার সংগ্রহ ৬০ রান। লিড ৪১৩ রানের।
মেন্ডিসের স্টাম্পে খালেদের আঘাত
দ্বিতীয় ইনিংসের ব্যাটিংয়ে নেমে টাইগার বোলারদের তোপের মুখে পড়েছে শ্রীলঙ্কান ব্যাটাররা। দলীয় ১৫ রানেই দুই উইকেট হারালো লঙ্কানরা। হাসান মাহমুদের পর এবার উইকেট পেলেন খালেদ আহমেদ। টাইগার পেসারের করা তৃতীয় ওভারের ৫ম বলটি সরাসরি আঘাত হানে কুশাল মেন্ডিসের স্টাম্পে। ফেরার আগে ২ বলে ২ রান করেন প্রথম ইনিংসে ৯৩ রান করা এই ব্যাটার।
শুভ সূচনা হাসান মাহমুদের
লঙ্কানদের দ্বিতীয় ইনিংসের শুরুতেই আঘাত হানলেন হাসান মাহমুদ। ফেরালেন দিমুথ করুনারত্নকে। হাসানের করা দ্বিতীয় ওভারের ৫ম বলে বোল্ড হওয়ার আগে ৫ বলে ১ বাউন্ডারিতে ৪ রান করেন করুনারত্নে।
৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু শ্রীলঙ্কার
বাংলাদেশকে ফলো-অনে ফেলে ৩৫৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করেছে শ্রীলঙ্কা।
ফলো-অনে বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টে ফলো-অনে পড়লো বাংলাদেশ। শ্রীলঙ্কার ৫৩১ রানের জবাবে ১৭৮ রানে অলআউট হলো টাইগাররা। প্রথম ইনিংসে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৫৪ রান করেন জাকির হাসান। ১০৪ বলের ইনিংসটি ৮ বাউন্ডারিতে সাজান এই ওপেনার। এছাড়া মুমিনুল হক ৩৩, তাইজুল ইসলাম ২২, মাহমুদুল হাসান জয় ২১ এবং সাকিব আল হাসান ১৫ রান করেন। বাকিদের কেউ ছুঁতে পারেননি দুই অঙ্কের কোঠা।
বাংলাদেশের প্রথম ইনিংসে বল হাতে ছন্দ দেখান লঙ্কান পেসার আসিথা ফার্নান্দো। ১০.৪ ওভারে ৩৪ রানের খরচায় ৪ উইকেট নেন তিনি। এছাড়া দুটি করে উইকেট নেন বিশ^ ফার্নান্দো, লাহিরু কুমাারা এবং প্রবাত জয়সুরিয়া।
ফলো-অনের শঙ্কায় বাংলাদেশ
চট্টগ্রাম টেস্টে ফলো-অনে পড়ার শঙ্কায় পড়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কার করা ৫৩১ রানের জবাবে ১৬৬ রান তুলতেই ৮ উইকেট হারিয়েছে বাংলাদেশ। শ্রীলঙ্কা এখনো এগিয়ে ৩৬৫ রানে।
দ্বিতীয় দিনে শ্রীলঙ্কা ৫৩১ রানে অলআউট হওয়ার পর দিনের বাকি অংশে ১ উইকেটে ৫৫ রান তোলে বাংলাদেশ। জাকির হাসান ২৮ এবং তাইজুল ইসলাম শূন্য রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন। দিনের শুরুতে ব্যাটিং দৃঢ়তা দেখান এই দুই ব্যাটার। দুজন মিলে দলীয় সংগ্রহে যোগ করেন ৪১ রান। ৩২.৫ ওভারে জাকির হাসান ক্যারিয়ারের ৪র্থ ফিফটি (১০৪ বলে ৫৪) হাঁকিয়ে আউট হওয়ার পর ভাঙে এই জুটি। এরপরই শুরু হয় টাইগারদের ব্যাটিং ধস। দলীয় সংগ্রহে মাত্র ৯ রান যোগ করতে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (১), তাইজুল ইসলাম (২২)। ধাক্কা সামলানোর প্রচেষ্টায় সাকিব আল হাসানও থিতু হতে পারেননি। এক বছর পর সাদা পোশাকের ক্রিকেটে ফিরে ১৫ রানে আউট হন বিশ^সেরা অলরাউন্ডার। নিজেকে হারিয়ে খোঁজা লিটন দাস আউট হন ৪ রানে। এরপর শাহাদাত হোসেন দীপু ৮ এবং মেহেদী হাসান মিরাজ ৭ রানে আউট হন।
