আবারও রান পাহাড়ের নিচে চাপা পড়ার শঙ্কা টাইগারদের
প্রথম টেস্টের মতো দ্বিতীয় টেস্টেও রান পাহাড়ের নিচে চাপা পড়ার শঙ্কায় রয়েছে বাংলাদেশ। টসে হেরে ফিল্ডিংয়ে করতে নেমে বেকায়দায় পড়ছেন সাকিব-শান্তরা। প্রথমদিন চা বিরতির পরেও চালকের আসনে রয়েছে শ্রলঙ্কা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত দুই ইউকেট হারিয়ে ২৫৩ রান করেছে লঙ্কানরা।
এর আগে চা বিরতির আগে প্রথম সেশনে জীবন পাওয়া করুনারত্নে এগোচ্ছিলেন সেঞ্চুরির পথেই। একই সঙ্গে শ্রীলংকাও হাঁটছিল বড় সংগ্রহের পথে। ৫৬তম ওভারে এই ওপেনারকে থামালেন হাসান মাহমুদ। এই ডানহাতি পেসারের করা অফ স্টাম্পের বাইরের লেংথ বলে ড্রাইভ করতে গিয়ে ইনসাইড এডজে বোল্ড হয়েছেন করুনারত্নে। ৮৬ রান করে এই ওপেনার ফেরায় ভাঙলো ১১৪ রানের দ্বিতীয় উইকেট জুটি। এটি হাসানের প্রথম টেস্ট উইকেট। এই সেশনে দুই উইকেট তুলতে পারায় কিছুটা হলেও স্বস্তি ফিরেছে টাইগার শিবিরে।
চার বিরতির আগে পর্যন্ত ৫৮ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১৪ রান তুলেছে শ্রীলঙ্কা। ৬৫ রান নিয়ে উইকেটে আছেন কুশল মেন্ডিস। অপর অপরাজিত ব্যাটার অ্যাঞ্জেলো ম্যাথিউসের সংগ্রহ ১ রান। এর পর আর ইউকেটের দেখা পায়নি শান্তরা।
ইনিংসের ৬ষ্ঠ ওভারেই উইকেট পেতে পারতেন হাসান। তার করা বল অফ স্টাম্পের বাইরে বেরিয়ে যাওয়ার সময় জায়গায় দাঁড়িয়ে খেলতে চেয়েছিলেন মাদুশঙ্কা। আউট সাইড এডজে বল যায় স্লিপে দাঁড়ানো মাহমুদুল হাসান জয়ের হাতে। কিন্তু সহজ ক্যাচটি তালুবন্দি করতে পারেননি তিনি। প্রথম সেশনে আরও একটি সুযোগ তৈরি করেছিলেন হাসান। ইনিংসের ২২তম ওভারে শেষ ডেলিভারিটি বাউন্সার মেরেছিলেন এই পেসার। সেখানে হুক করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ তোলেন করুনারত্নে। কিন্তু ফিল্ডার সাকিব সীমানা থেকে খানিকটা সামনে থাকায় ক্যাচটি নিতে পারেননি।
