কখন অবসরে যাবেন জানালেন মেসি
পৃথিবীজুড়ে তার কোটি কোটি ভক্ত। যার রক্তে কেবল ফুটবল। সারাবেলার একটিই চিন্তা, ফুটবল। তিনি বিশ্ব তারকা মেসি। আগামী জুনে ৩৭ বছর পূর্ণ করবেন লিওনেল মেসি। একজন ফুটবলারের জন্য এই বয়সটা পড়ন্ত বিকেল। তবে নামটা মেসি বলেই কিনা এখনও খেলছেন দাপটের সঙ্গে। সম্প্রতি এমবিসি-এর বিগ টাইম পডকাস্টে মেসি কথা বলেছেন নিজের ভবিষ্যৎ নিয়ে।
যখন মেসি মনে করবেন, ফুটবলকে তার আর দেওয়ার কিছু নেই, তখনই ইতি টানবেন ক্যারিয়ারের। তিনি বলেন, 'সেই মুহূর্তটা কেমন হবে আমি জানি, যখন টের পাব আমি আর পারফর্ম করতে পারছি না। বুঝতে পারব যে, নিজেকে উপভোগ করছি না, সতীর্থদের কোনো সাহায্য করতে পারছি না, তখন সিদ্ধান্ত নেব।' তিনি আরও বলেন, 'আমি ভীষণ আত্ম-সমালোচক। আমি জানি, কখন আমি ভালো অবস্থায় থাকি, আর কখন খারাপ কিংবা কখন ভালো খেলি, আর কখন বাজে খেলি...এবং যখন অনুভব করব পদক্ষেপটা নেওয়ার সময় এসেছে, বয়সের কথা না ভেবেই সেটা নেব। ভালো অনুভব করলে, আমি সবসময় প্রতিদ্বন্দ্বিতা করতে চাই, কারণ আমি এটাই পছন্দ করি এবং জানি, সেটা কীভাবে করতে হয়।
মেসি বলেন, খেলাধুলার দিক থেকে ক্যারিয়ারে সবকিছু অর্জনের, স্বপ্ন পূরণের সৌভাগ্য হয়েছে আমার। সত্যি বলতে পেশাদার ফুটবলার হিসেবে ও ব্যক্তিগত জীবনে, পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে এর বেশি আমি চাইতে পারতাম না। সৃষ্টিকর্তা আমাকে যা দিয়েছেন, সেটা অনেক এবং আমি সবসময় তা উপভোগের চেষ্টা করি।'
