২ সেঞ্চুরিতে প্রথম দিন সাজালো পাকিস্তান
মুলতান টেস্ট
তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি পাকিস্তান ও ইংল্যান্ড। মুলতানে চলমান ম্যাচটির প্রথম দিনে দাপট দেখিয়েছে স্বাগতিক পাকিস্তান। দুই সেঞ্চুরিতে প্রথম দিন সাজানো গ্রিন ক্যাপরা তুলেছে তিনশোর্ধ্ব রান। বিপরীতে ইংল্যান্ডের অর্জন ৪ উইকেট।
আজ দিনের শুরুতে মুলতানে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। শুরুটা অবশ্য ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ৮ রানে প্রথম উইকেট হারায় গ্রিন ক্যাপরা। গাস অ্যাটকিনসনের করা চতুর্থ ওভারের চতুর্থ বল খেলতে গিয়ে ক্যাচ তোলেন সায়েম আইয়ুব। সাজঘরে ফেরার আগে ১০ বল খেলে ১ চারে ৪ রান সংগ্রহ করেন এই ওপেনার। শুরুর ধাক্কা সামলে প্রতিরোধ গড়ে তোলেন আব্দুল্লাহ শফিক ও অধিনায়ক শান মাসুদ।
তৃতীয় উইকেটে ২৫৩ রানের জুটি গড়েন শফিক ও শান। ৫৯.৫ ওভারে আব্দুল্লাহ শফিক অ্যাটকিনসনের দ্বিতীয় শিকার হলে ভাঙে এই পার্টনারশিপ। ওলি পোপের তালুবন্দি হওয়ার আগে ১৮৪ বলে ১০ চার ও ২ ছক্কায় ১০২ রান করেন শফিক। তার আগে সেঞ্চুরি হাঁকান শান মাসুদও। শেষ পর্যন্ত ফেরেন দেড়শ রানের ইনিংস খেলে। ১৭৭ বলে ১৩ চার ও ২ ছক্কায় ১৫১ রান তোলেন পাকিস্তান অধিনায়ক। থিতু হওয়ার চেষ্টায় সুবিধা করতে পারেননি বাবর আজম। ৭১ বলে ৫ বাউন্ডারিতে ৩০ রান তোলেন এই ডানহাতি ব্যাটার। ৩২৪ রানে চতুর্থ উইকেট হারায় পাকিস্তান। শেষ পর্যন্ত ৪ উইকেটে ৩২৮ রান তুলে প্রথম দিন শেষ করে পাকিস্তান। সৌদ শাকিল ৭২ বলে ৫ চারে ৩৫* রান নিয়ে অপরাজিত থাকেন। ০ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করবেন নাসিম শাহ।
প্রথম দিনে ১৫ ওভারে ৭০ রানের খরচায় ২ উইকেট নেন গাস অ্যাটকিনসন। ১টি করে উইকেট পান ক্রিস ওকস এবং জ্যাক লিচ। ২১ ওভারে ৬১ রান দেন লিচ। ওকস খরচ করেন ৫৮ রান।
