এন্ড্রিকের গোলে ৪ ম্যাচ পর জিতলো ব্রাজিল
একেতো ইংল্যান্ডের ঘরের মাঠ, তারওপর শেষ ৪ ম্যাচের একটিতেও জয় নেই ব্রাজিলের। এমন পরিসংখ্যান নিয়ে ওয়েম্বলিতে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন সেলেসাওদের নতুন কোচ দরিভাল জুনিয়র। কেননা এ ম্যাচের মধ্য দিয়েই পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নদের কোচ হিসেবে যাত্রা শুরু করেন তিনি।
তবে সেই চ্যালেঞ্জ আপাতত উতরে গেছেন দরিভাল। শেষ মুহূর্তে এন্ড্রিকের গোলে ইংলিশদের ঘরের মাঠে ১-০ গোলে হারিয়ে ৪ ম্যাচ পর জয়ের স্বাদ পেলো হলুদ জার্সিধারীরা।
এদিন শুরু থেকেই দু’দল আক্রমণ-পাল্টা আক্রমণে ম্যাচ জমিয়ে তোলে। তবে প্রথমার্ধে কেউ-ই গোল করতে না পারলে সমতায় রেখেই বিরতিতে যায় দুই জায়ান্ট।
দ্বিতীয়ার্ধেও দু’দল সমানতালে লড়াই চালিয়ে যায়। কিন্তু গোল পাচ্ছিলো না কোন দলই। তবে বিরতির পর দুই কোচই দলে একাধিক পরিবর্তন আনেন। তবে সুপার সব হয়ে ৭১ মিনিটে রদ্রিগোর বদলি হিসেবে মাঠে নামেন ব্রাজিলিয়ান নতুন বিষ্ময়বালক এন্ড্রিক। ৮০ মিনিটে গোল করে ব্রাজিলকে ১-০ তে এগিয়ে নেন তিনি। জাতীয় দলের হয়ে এটি এন্ড্রিকের প্রথম গোল।
সেই সাথে মাত্র ১৭ বছর ২৪৬ দিনে ওয়েম্বলিতে সবচেয়ে কনিষ্ঠতম গোলস্কোরার এখন এই তরুণ। এরপর অবশ্য নিজের দ্বিতীয় গোল পেতে পেতেও ইংলিশ গোলকিপার পিকফোর্ডের কল্যাণে তা আর পাওয়া হয়নি। তবে ব্রাজিল তার গোলে জয় পেয়েছে ঠিকই।
এর মাধ্যমে জাতীয় দলের হয়ে নিজের প্রথম ম্যাচেই জয় পেলেন সেলেসাওদের নতুন কোচ দরিভাল জুনিয়র।
এই ম্যাচে দু দল সমানসংখ্যক ১৪ টি শর্ট নিয়েছে। অবশ্য ব্রাজিল অন টার্গেট শর্ট নিয়েছে ৫টি আর ইংলিশরা নিয়েছে ৩টি। অপরদিকে ৫৩% পজিশন নিয়ে বল দখলে এগিয়ে ছিল সাউথগেটের ইংল্যান্ড।
