সিলেট টেস্টের দ্বিতীয় দিনেও পিছিয়ে বাংলাদেশ
সিলেট টেস্টে ব্যাটিং বিপর্যয়ে পড়ছে বাংলাদেশ, সেটা গতকালই আঁচ করা গেছে। শেষ সেশনে শ্রীলঙ্কার প্রথম ইনিংস স্কোর ২৮০ রানের জবাবে ৩২ রান তুলতেই বাংলাদেশ দল ৩ উইকেট হারিয়ে বসে। তবে আজ প্রথম সেশনেই সেই ধারাবহিকতা বজায় রাখে শান্তরা। প্রথম সেশনেই ১৩২ রান তুলতেই হারিয়ে ফেলে আরো ৩ উইকেট। তবে ‘নাইটওয়াচম্যান’ তাইজুল ইসলাম না থাকলে হয়তো আরো বিপর্যয়ে পড়তে হতো দলকে। এরপর দুই পেসার খালেদ আহমেদ ও শরীফুল ইসলামের সৌজন্যে প্রথম ইনিংসে বাংলাদেশ ৫১.৩ ওভার ব্যাট করে রান করে ১৮৮।
আর এতেই দ্বিতীয় দিন শেষে প্রথম টেস্টের পাল্লা এখন লঙ্কানদের দিকেই ঝুঁকে আছে। আজ নিজেদের শেষ ইনিংসে শ্রীলঙ্কার সংগ্রহ ৫ উইকেটে ১১৯ রান। ফলে সিলেট টেস্টের দ্বিতীয় দিনে বাংলাদেশের চেয়ে লঙ্কানরা এগিয়ে আছে ২১১ রানে।
প্রথম সেশনে বাংলাদেশের ইনিংসটাকে টেনেছেন তাইজুল। মাহমুদুল হাসান, শাহাদাত হোসেন ও লিটন দাসের সঙ্গে ছোট ছোট জুটি গড়েন এই বাঁহাতি। দ্বিতীয় সেশনের শুরুতে এসে ছন্দপতন হয় তাইজুলের। ৪০তম ওভারে কাসুন রাজিতার অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে কট বিহাইন্ড হন তাইজুল। অল্পের জন্য টেস্ট ক্যারিয়ারের প্রথম অর্ধশত ছুঁতে পারলেন না। আগের সর্বোচ্চ ৩৯ ছাড়িয়ে তিনি থামলেন ৪৭ রানে। ৮০ বলের ইনিংসে ৬টি চার।
রাজিতা থামিয়েছেন মেহেদী হাসান মিরাজকেও। ৪৪তম ওভারে রাজিতার ফুল লেংথের বল লেগের দিকে খেলতে গিয়ে বল টপ এজ হয়ে যায় গালি অঞ্চলে। সেখানে ওপেনার নিশান মাদুশাঙ্কা সহজ ক্যাচ ধরেন। ৩৪ বল খেলা মিরাজের ইনিংস থামে ১১ রানে। দলের রান তখন ৮ উইকেটে ১৪৭। সেখান থেকে বাংলাদেশের রানটাকে ১৮৮-এ নিয়ে যান খালেদ ও শরীফুল। দুজন মিলে ৩৫ বলে যোগ করেন ৪০ রান। খালেদের ব্যাট থেকে আসে ২৭ বলে ২২ রান, শরীফুল ২১ বলে ১৫ রান করেছেন।
এরপর লঙ্কানরা শুরু করে তাদের দ্বিতীয় ও শেষ ইনিংস। দলীয় ১৯ রানের মাথায় নিশান মাদুশকাকে পিরিয়ে শুভ সূচনা করেন তরুণ পেসার নাহিদ রানা। এরপর দলীয় ৩২ ও ব্যক্তিগত ৩ রানে কুশাল মেন্ডিসকে আবারো ফেরান নাহিদ। তবে একপাশ ঠিকই আগলে রাখেন দিমুথ কারুনারত্নে। এরপর একেএকে ফিরে যান এঞ্জেলো ম্যাথিউস ও দিনেশ চান্দিমাল। ম্যাথিউসকে আউট করেন তাইজুল ইসলাম আর চান্দিমাল শিকার হন মেহেদী হাসান মিরাজের।
ততক্ষণে শ্রীলঙ্কার ৩৩ রানে ৪ উইকেট। তবে এরপর অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা ও দিমুথ কারুনারত্নের জুটিতে যখন বড় সংগ্রহের দিকে এগোচ্ছিল লঙ্কানরা ঠিক তখনই কারুনারত্নেকে (১০১ বলে ৫২রান) ফিরিয়ে দলীয় ১১৩ রানে জুটি ভাঙেন শরিফুল ইসলাম। শেষ পর্যন্ত ৫ উইকেট হারিয়ে ১১৯ রানে দ্বিতীয় দিন শেষ করে শ্রীলঙ্কা। আর এতেই দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার চেয়ে ২১১ রানে পিছিয়ে আছে টিম বাংলাদেশ।
৪১ বলে ২৩ করে অপরাজিত আছেন ধনাঞ্জয়া ডি সিলভা । অপরপ্রান্তে ১৯ বলে ২ রান করে তৃতীয় দিন ইনিংস শুরু করবেন ভিশ্ব ফার্নান্দো।
