ভিনিকে নিয়ে ব্রাজিল কোচের কঠোর হুঁশিয়ারি
বর্ণবাদের শিকার হয়ে বেশ কয়েকবার শিরোনাম হয়েছেন ভিনিসিয়াস জুনিয়র। তবে এবার ভিনিসিয়াসকে এরকম আক্রমণ করলে পদক্ষেপ নেয়ার হুশিয়ারি দিয়েছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। প্রীতি ম্যাচ খেলতে ব্রাজিল রয়েছে ইউরোপে। সেলেসাওদের কোচ হিসেবে অবশ্য এটাই দরিভালের প্রথম সফর। আর তার প্রথম সফরেই আলোচনায় বর্ণবাদ কাণ্ড।
এই সফরে শনিবার ওয়েম্বলিতে ব্রাজিল ইংল্যান্ডের বিপক্ষে খেলবে। তারপর মঙ্গলবার মাদ্রিদের সান্তিয়াগো বার্নাব্যুতে স্পেনের বিপক্ষে মাঠে নামবে ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা। ভিনিসিয়াসের ক্লাবের মাঠে ম্যাচটির উদ্দেশ্য বর্ণবাদের বিরুদ্ধে সচেতনতা তৈরি—এমনটাই জানিয়েছে স্পেন ও ব্রাজিলের ফুটবল ফেডারেশন।
এ বিষয়ে গার্ডিয়ানকে দেওয়া এক সাক্ষাৎকারে দরিভাল জানান, ‘এ ধরনের মুহূর্তে সব তথ্যের বিশ্লেষণ ও ভারসাম্য রক্ষা করা দরকার। তবে এ ধরনের ঘটনা যদি আবারও ঘটে, আমাদের কঠোর পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ভিনির এখনো বয়স কম। সে এখনো পড়াশোনা শেষ করেনি। ওর সঙ্গে এ ধরনের আচরণ মানা যায় না।’
এরপর ভিনির বিরুদ্ধে বর্ণবাদী আক্রমণ সীমা ছাড়িয়ে গেছে উল্লেখ করে তিনি জানান, ‘দুঃখজনকভাবে পুরো পৃথিবীজুড়েই বর্ণবাদ রয়ে গেছে। এখনো তাচ্ছিল্যের ব্যাপারটা বর্তমান। কর্তৃপক্ষকে এ বিষয়ে আরও কঠোর হতে হবে। ভিনির সঙ্গে যে ঘটে চলেছে, সেটা এরই মধ্যে সীমা ছাড়িয়ে গেছে। এমনিতে স্পেনের মানুষ খুবই আন্তরিক, অপরকে সম্মান দেয়। সবচেয়ে বড় কথা, শান্তিপূর্ণ মানুষ তারা। কিছু দুষ্কৃতকারীর কারণে তাদের সুনাম এভাবে নষ্ট হওয়াটা মানায় না।’
তবে কর্তৃপক্ষের সদইচ্ছায় এসব পরিস্থিতিরি উন্নতি ঘটানো যায় বলেও উল্লেখ করেন সেলেসাও কোচ। তার মতে, ‘পুলিশ চাইলে যারা এসব করে, তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব। এটা অনেকটা আমাদের দেশের মতোই। যেখানে প্রচুর মানুষ প্রতিদিনই ভুগছে। কিন্তু কর্তৃপক্ষের অকার্যকারিতা আর অদক্ষতার কারণে নীরব থাকে।’
সম্প্রতি রিয়াল মাদ্রিদ ও লা লিগা কর্তৃপক্ষ স্পেনের কৌঁসুলি কার্যালয়ে অভিযোগে জানিয়েছে, বার্সেলোনা ও আতলেতিকো মাদ্রিদের চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ভিনিকে আক্রমণ করা হয়েছে। এছাড়াও একাধিকবার ভিনিসিয়াস বিপক্ষ দলের খেলোয়াড় কিংবা সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরনের অভিযোগ এনেছিলেন। যদিও ২০২৩ সালেই ভ্যালেন্সিয়া ম্যাচে একই ধরনের ঘটনার পর তোলপাড় উঠলে ফিফাও কঠোর বার্তা দিয়েছিল। এবার ব্রাজিল কোচের ভাষ্যমতে রিয়াল মাদ্রিদের পাশাপাশি ব্রাজিল জাতীয় দলও পদক্ষেপ নেবে এমন ঘটনা ঘটলে। এখন দেখার বিষয় ভিনিসিয়াসের প্রতি এমন আচরন কতটা কমে।
