লজ্জাজনক হারের পর ভুল থেকে শিক্ষা নিতে চান কাবরেরা
আগের ৬ ম্যাচের কোনটিতেই বাংলাদেশের জালে ২ গোলের বেশি দিতে পারেনি ফিলিস্তিন। তবে আজ গুনে, গুনে বাংলাদেশের জালে বল ঢুকলো ৫ বার। আর এতেই ৫-০ হারে বিশ্বকাপ বাছাইয়ে পরের রাউন্ডে যাওয়া অনেকটা দুঃসাধ্য হয়ে গেছে জামাল ভূঁইয়াদের।
প্রবাসী বাংলাদেশীদের কল্যাণে কুয়েত সিটির জাবের আল আহমাদ স্টেডিয়াম যেন হয়ে উঠেছিল কিংস অ্যারেনা। তবে ফিলিস্তিন সমর্থকেরাও ছিলেন চোঁখে পড়ার মত। শেষমেশ অবশ্য তারাই প্রিয় দলের জয় দেখে মাঠ ছেড়েছেন।
ম্যাচের প্রথম ৪০ মিনিট ফিলিস্তিনকে বেশ চ্যালেঞ্জই জানিয়েছিল বাংলাদেশ। সমানতালে লড়াই করে এগিয়েও যেতে পারতো হাভিয়ের কাবরোরার শিষ্যরা। তবে সোহেল রানার শিশুসুলভ ভুলে লিড নেয়ার সহজ সুযোগ হাতছাড়া করে লালা সবুজের দল।
উল্টো প্রথমার্ধের শেষ মিনিট পাঁচেক ম্যাচের ছবিটা দিয়েছে পাল্টে। রক্ষণের ভুলে এই সময় হাভিয়ের কাবরোর দল খেয়ে বসে দুদুটি গোল। বিরতির পর ৪৮ মিনিটে হয়েছে আরেকটি গোল। মিনিট দশেকের মধ্যে তিন তিনটি গোল হজম । ৫২ মিনিটে ৪ নম্বর গোল। এই সময় বাংলাদেশ দল ভেঙে পড়ে হুড়মুড় করে। শেষ দিকে হ্যাটট্রিক পূরণ করেন ওদে দাবাঘ। বাকি দুই গোল শিহাব কুনবরের।
প্রথম দিকে ভালো খেললেও একটা সময় ফিলিস্তিনের আক্রমণের সামনে খেই হারিয়ে ফেলে বাংলাদেশ। অবশ্য বাংলাদেশ কোচ বলেছেন, তিনি জানতেন ম্যাচের একটা সময়ে এসে ঝড় তুলতে পারে ফিলিস্তিন। কিন্তু সেটা যে এভাবে সব তছনছ করে দেবে ভাবেননি। তাঁর কথা, ‘আমরা জানতাম ম্যাচের একটা সময় এমন কিছু হতে পারে। কিন্তু সেটা যে এভাবে আমাদের ধসিয়ে দেবে, তা ভাবনার বাইরে ছিল। এরপর ম্যাচে ফেরা আমাদের জন্য কঠিন হয়ে যায়। দ্বিতীয়ার্ধে আমরা শক্তিশালী একটা দলের সামনে রীতিমতো উড়ে যাই।’
তবে এমন হারে হতাশ হলেও সেই হতাশা এক পাশে রেখে ভুল থেকে শিক্ষা নিতে চান বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা, ‘কোথায় ভুল হয়েছে সেটা এখন আমাদের বের করতে হবে। এটাও খুঁজে দেখতে হবে যে কেন আমরা লড়াই করতে পারলাম না। বিশেষ করে প্রথম ৪০ মিনিট এমন খেলার পর এভাবে হেরে যাওয়া কোনোভাবে মেনে যাওয়া যায় না। আমাদের এখান থেকে শিক্ষা নিতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে এবং অবশ্যই আরও উন্নতি করতে হবে। আপাতত এটিই এখন আমাদের মূল কাজ।’
এই পরাজয় ‘আই’ গ্রুপ থেকে পয়েন্ট টেবিলের তলানীতেই থাকলো বাংলাদেশ। ৪ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে গেল ফিলিস্তিন। ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অস্ট্রেলিয়া। বৃহস্পতিবার এই গ্রুপের অন্য খেলায় সকারুদের বিপক্ষে হেরেছে লেবানন। তাদের পয়েণ্ট ২। বাংলাদেশের ১।
