কুয়েতে ফিলিস্তিন পরীক্ষায় বাংলাদেশ
ফিফা র্যাঙ্কিংয়ে ফিলিস্তিনের অবস্থান ৯৭। সেখানে বাংলাদেশের অবস্থান ১৮৩-তে। ৮৬ ধাপ এগিয়ে থাকা শক্তিশালী ফিলিস্তিনের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। কুয়েত সিটির জাবের আল আহমেদ স্টেডিয়ামে ফিলিস্তিনের মুখোমুখি হবে জামাল ভুঁইয়ারা। কুয়েতে হলেও ম্যাচটি মূলত: ফিলিস্তিনের হোম ম্যাচ। বাংলাদেশ সময় রাত সাড়ে ১২টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস চ্যানেল ও টি-স্পোর্টস অ্যাপ।
তবে ফিলিস্তিনের বিপক্ষে অতীত ইতিহাস বেশ ভাবাচ্ছে জামাল ভূঁইয়াদের। কেননা আগের ছয় দেখায় একবারও জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বাংলাদেশ। ২০০৬ সালে প্রথমবারের মতো ফিলিস্তিনকে মোকাবিলা করে লাল-সবুজ প্রতিনিধিরা। অবশ্য ঘরের মাঠে এএফসি চ্যালেঞ্জ কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে ফিলিস্তিনের মুখোমুখি হয় বাংলাদেশ। মেহেদি হাসান তপুর গোলে ১-১ ব্যবধানে ড্র করে নকআউটের টিকিট কাটে লাল সবুজের দল।
এরপর আরও পাঁচবার ফিলিস্তিনের মুখোমুখি হয় বাংলাদেশ। সবগুলো ম্যাচেই অবশ্য দেখতে হয়েছে পরাজয়। সবশেষ দুই দলের দেখা হয় ২০২১ সালে। কিরগিজস্তানে ত্রিদেশীয় টুর্নামেন্টে বাংলাদেশ হেরেছিল ২-০ ব্যবধানে। এর আগে ২০১৮ ও ২০২০ সালে বঙ্গবন্ধু কাপে দুবার ওই একই ব্যবধানে হারে স্বাগতিকরা। এবার সেই জয়খরা কাটাতে চান লাল-সবুজ প্রতিনিধিরা। বুধবার বাফুফের পাঠানো অডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়া জানিয়েছেন, ‘আমাদের প্রস্তুতি ভালো হয়েছে। আমরা শেষ ১৬-১৭ দিন অনেক পরিশ্রম করেছি। দল একসঙ্গে অনেক দিন থাকায় নিজেদের মধ্যে বোঝাপড়াটা ভালো হয়েছে এই কয়দিনে। আমরা খুবই ইতিবাচক। আমরা একটা ভালো ফল চাই।’
আগের চেয়ে ফিলিস্তিনের এই দলটি অনেক শক্তিশালী। গেল জানুয়ারিতে কাতারে হওয়া এশিয়ান কাপে তারা প্রথমবারের মতো খেলেছে শেষ ষোলোতে। এমন একটি দেশের বিপক্ষে দুটি ম্যাচে বাংলাদেশকে ‘কঠিন’ পরীক্ষাই দিতে হবে। সেটি অজানা থাকার কথা নয় জামালের, ‘আমরা জানি ওরা কেমন দল, সবশেষ এশিয়ান কাপে ওরা খেলেছে। আমাদের গ্রুপে অন্যতম শক্তিশালী দল ওরা। তাই আমাদের এই ম্যাচকে খুবই গুরুত্ব সহকারে নিতে হবে, নয়তো আমাদের বড় সমস্যার সামনে পড়তে হতে পারে। কোচ আমাদের এই বিষয়গুলো জানিয়েছেন যে, ওরা শারীরিকভাবে অনেক শক্তিশালী এবং পাওয়ার ফুটবল খেলে। তাই ইতিবাচক ফলের জন্য আমাদের কঠোর পরিশ্রম করতে হবে মাঠে। শুনেছি ওদের প্রায় ৯৫ শতাংশ খেলোয়াড় ৬ ফুটের ওপর। তারা সেট পিচ থেকে যেকোনো কিছু করতে পারে। আমাদের এই বিষয়গুলোতে সতর্ক থাকতে হবে। আমরা পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে দারুণ কিছু হবে।’
ফিলিস্তিনকে সমীহ করছেন বাংলাদেশের প্রধান কোচ হাভিয়ের কাবরেরা। শক্তিশালী প্রতিপক্ষকে রুখতে গত কয়েক দিনে রক্ষণে মনোযোগ দিয়েছেন এই স্প্যানিশ কোচ। আর শিষ্যদের কাছ থেকে সর্বোচ্চ লড়াই চাচ্ছেন কাবরেরা। তার কথায়, ‘দীর্ঘদিনের প্রস্তুতি ক্যাম্প শেষে দল নিয়ে আমি খুবই আশাবাদী। ছেলেদের প্রস্তুতি ভালো হয়েছে। এখন মাঠে ওদের পরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। আমরা প্রস্তুতির জন্য যথেষ্ট সময় পেয়েছি। আমাদের এ নিয়ে কোনো অজুহাত দেওয়ার সুযোগ নেই। কুয়েত এবং সৌদি আরব মিলে আমরা ১১টি অনুশীলন সেশন করেছি; দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলেছি। যেখানে ছেলেদের দারুণ দেখাচ্ছিল। দলে কোনো ইনজুরির খবর নেই, এটা আমার কাজকে সহজ করে দেবে, আমাদের ২৮ জন খেলোয়াড়ই পূর্ণ ফিট। সবকিছু ভালো দেখাচ্ছে, আগামীকাল (আজ) ম্যাচে আমরা দারুণ কিছু করব আশা করি। তবে মাথায় রাখতে হবে ওদের শক্তিমত্তা। আমাদের মানসিকভাবে শক্ত থাকতে হবে। আমি ছেলেদের সেই বার্তাই দিয়েছি। ওরা অস্ট্রেলিয়ার বিপক্ষে কেবল ১-০ ব্যবধানে হেরেছে, সেখানে আমাদের পরাজয় ছিল আরও বড় ব্যবধানে। এরপর এশিয়ান কাপেও ওরা প্রতিদ্বন্দ্বিতামূলক ম্যাচ খেলেছে। ওদের বিপক্ষে ম্যাচে আমরা ব্যবধান কমিয়ে আনব আশা করি। দলের কাছ থেকে আমি লড়াই দেখতে চাই।’
বিশ্বকাপ বাছাইয়ে এশিয়া অঞ্চলে 'আই গ্রুপে' তলানিতে অবস্থান করছে বাংলাদেশ। জামালদের সংগ্রহ ২ ম্যাচে ১ পয়েন্ট। অপরদিকে ২ খেলায় ৬ পয়েন্ট নিয়ে তালিকায় দুইয়ে আছে ফিলিস্তিন। অবশ্য সমানসংখ্যক পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে অস্ট্রেলিয়া। তবে এ গ্রুপে এখনো ৪ দলেরই সুযোগ আছে পরের রাউন্ডে যাওয়ার। সেক্ষেত্রে বাংলাদেশকে আজ উতরাতে হবে ফিলিস্তিন বাঁধা। উল্লেখ্য, আগামী ২৬ মার্চ কিংস অ্যারেনায় দ্বিতীয় লেগের ম্যাচে আবারো মুখোমুখি হবে দু দল।
