নৌকার আদলে হচ্ছে না স্টেডিয়াম, থাকবে না শেখ হাসিনার নাম
বাতিল হয়েছে শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেন্ডার। এবার জানা গেলো, নৌকার আদলে পরিকল্পিত প্রকল্পটির নির্মাণ শৈলীতে আসবে পরিবর্তন। বদল করা হতে পারে নাম। আজ পূর্বাচলে স্টেডিয়ামটির জন্য বরাদ্দ জায়গা পরিদর্শনে গিয়ে এসব বলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন সভাপতি ফারুক আহমেদ।
রাজধানীর পূর্বাচলে নৌকার আদলে হাজার কোটি টাকা ব্যয়ে নতুন একটি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। নৌকার আদলে পরিকল্পিত ডিজাইনের স্টেডিয়ামটির নাম ‘দ্য বোট- শেখ হাসিনা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম’ ধার্য করা হয়েছিল।
আজ পূর্বাচলে স্টেডিয়ামের জন্য বরাদ্দকৃত জমি পরিদর্শনে যান বিসিবি সভাপতি ফারুক আহমেদসহ বেশ কয়েকজন বোর্ড কর্তা। নৌকার আদলে স্টেডিয়াম নির্মাণের বিষয় নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘মাঠ করতে তো নৌকা বা স্কয়ার শেপের দরকার নেই। মাঠ করতে ওভাল দরকার। মাঠ করতে যা দরকার, তা করব।’
‘শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম’ নামটি পরিবর্তনের ইঙ্গিত দিয়ে বিসিবি সভাপতি ফারুক বলেন, ‘এটা ক্রীড়া মন্ত্রণালয়, ক্রিকেট বোর্ড মিলে সিদ্ধান্ত নেবে।’
ফারুক বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর আমাদের প্রধান ইচ্ছা ছিল মাঠগুলোর উন্নতি। নতুন মাঠও যদি করতে পারি, সেটা নিয়েও চিন্তা করছিলাম। যেহেতু এটা আমাদের নিজস্ব জায়গা, এটা নিয়ে একটা পরিকল্পনা ছিল। এখন এটাকে আমরা যত দ্রুত মাঠের কাঠামোতে রূপ দিতে পারি, সে চেষ্টা করব। আমাদের যে মাঠগুলোর উন্নতি করার কথা, সেগুলোর সঙ্গে এটা যোগ হবে।’
ফারুক বলেন, ‘আমরা ধাপে ধাপে যাব। এখানে দুটি মাঠ হওয়ার কথা ছিল, বড় স্টেডিয়াম হওয়ার কথা ছিল। এই মুহূর্তে আমরা এত বাজেট অ্যাফোর্ড করতে পারব না। সে জন্য প্রথমে একটা মাঠ দিয়ে শুরু করব, তারপর পাশের মাঠটা করার চেষ্টা করব। দ্রুতই মাঠের কাজ শুরু করব। এখন আমাদের অনেক ধরনের খেলা, আপনারা সবাই জানেন। বয়সভিত্তিক থেকে শুরু করে নারী ক্রিকেট, ক্লাব ক্রিকেট, অনেক খেলা। এখন সে জন্য মাঠটা তৈরি করব।’
নাজমুল হোসেন পাপনের আগের বোর্ড পপুলাস নামের অস্ট্রেলিয়ান একটি প্রতিষ্ঠানকে স্টেডিয়াম নির্মাণের পরামর্শক নিয়োগ দিয়েছিল। তাদের সঙ্গে কথা বলেই দ্রুত মাঠের কাজ শুরু করতে চান নতুন সভাপতি ফারুক। তিনি বলেন, ‘আমি আগেই উল্লেখ করেছি, কনসালটেন্সিতে আমাদের টাকা বিনিয়োগ হয়েছে। ওটাকে ধরেই বড় কোনো পরিবর্তন না করে… আপনি তো একদিনে সব করতে পারবেন না। মাঠ, ড্রেসিংরুম… আমি ওদের প্ল্যানটা পুরোপুরি দেখিনি। এটা নিয়ে আমার কথা বলাটাও ঠিক হবে না। ওই প্ল্যানটা দেখে, ড্রইং দেখে ওদের পরামর্শ অনুযায়ী আমরা প্রথমে মাঠ করার চেষ্টা করব।’
