শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টে বাংলাদেশের নতুন মুখ নাহিদ রানা
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য আজ ১৫ জনের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ ২১ বছর বয়সী ফাস্ট বোলার নাহিদ রানা। ২০২১ সালের নভেম্বরে প্রথম শ্রেণির ক্রিকেটে অভিষেকের পর ১৫ ম্যাচে ৬৩ উইকেট পেয়েছেন তিনি। জোরে বল করায় খ্যাতি আছে এই ফাস্ট বোলারের।
গত বছর নভেম্বর-ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সর্বশেষ টেস্ট সিরিজ খেলতে না পারা লিটন দাস ফিরেছেন স্কোয়াডে।

নাহিদ রানা সর্বশেষ বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেন। ১০ ম্যাচে ৭ উইকেট নিলেও নজর কেড়েছিলেন গতি দিয়ে। গত ১৩ ফেব্রুয়ারি রংপুর রাইডার্সের বিপক্ষে এবারের বিপিএলে প্রথম মাঠে নেমে সাকিব আল হাসানের বিপক্ষে ঘণ্টায় ১৪৯.৭ কিলোমিটার গতিতে বল করেছিলেন। সে ওভারেই ঘণ্টায় ১৪৭ কিলোমিটার গতিতে আরও দু’টি বল করেছিলেন নাহিদ। চাঁপাইনবাবগঞ্জের এই তরুণ সে সময় জানিয়েছিলেন, তিনি ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে চান।
২২ মার্চ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট। চট্টগ্রামে ৩০ মার্চ শুরু হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। ২০২৩-২৫ আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রের অংশ এই সিরিজ। এবার বাংলাদেশ সফরে এসে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জিতেছে ২-১ ব্যবধানে। আজ শেষ হওয়া ওয়ানডে সিরিজ অবশ্য জিতেছে বাংলাদেশ (২-১)।
