ছিটকে গেলেন লঙ্কান পেসার মাদুশঙ্কা
বাংলাদেশ সিরিজ থেকে ছিটকে গেলেন লঙ্কান পেসার মাদুশঙ্কা। টি-টোয়েন্টি সিরিজ হাতছাড়া করে ওয়ানডে জয়ের লক্ষ্যে শ্রীলঙ্কার মোকাবিলা করছে বাংলাদেশ। তবে প্রথম ওয়ানডেতে স্বাগতিকরা দাপুটে জয় পেলেও, দ্বিতীয় ম্যাচে সফরকারীরা ঘুরে দাঁড়িয়েছে। ফলে ১–১ সমতা এসেছে সিরিজে। তাই আগামীকাল তৃতীয় ও শেষ ওয়ানডে হবে সিরিজ নির্ধারণী ম্যাচ। তার আগে দুঃসংবাদ পেয়েছে লঙ্কান শিবির। চোটের কারণে ছিটকে গেছেন এই তারকা পেসার।
নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় এই তথ্য নিশ্চিত করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বোর্ড। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে বোলিংয়ের সময় চোট পেয়েছিলেন বাঁ–হাতি পেসার দিলশান মাদুশঙ্কা। যে কারণে তিনি পুরো সিরিজ থেকে ছিটকে গেছেন।
এসএলসি জানিয়েছে, দিলশান মাদুশঙ্কা আর চলমান সফরের অংশ নয়। দ্বিতীয় ওয়ানডেতে ইনজুরিতে পড়ার কারণে তাকে পুনর্বাসনের জন্য পাঠানো হচ্ছে। গত ম্যাচেই চোট নিয়ে মাদুশঙ্কা মাঠ ছেড়েছিলেন। পরে এমআরআই স্ক্যানে নিশ্চিত হওয়া গেছে যে, তার বাঁ–পায়ে গুরুতর হ্যামস্ট্রিং চোট রয়েছে।
এ নিয়ে চলমান সফর থেকে দ্বিতীয় কোনো পেসার ছিটকে গেল লঙ্কানদের। এর আগে দ্বিতীয় টি-টোয়েন্টির পর প্রায় একই ধরনের চোটে পড়ে ছিটকে গিয়েছিলেন বেবি মালিঙ্গা–খ্যাত পেসার মাথিশা পাথিরানা। ফলে তৃতীয় টি-টোয়েন্টির একাদশে তার পরিবর্তে নেওয়া হয় নুয়ান তুসারাকে।
