আশা জাগিয়েও নিরাশ করলো টাইগাররা
চট্টগ্রামে ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে লঙ্কানদের ২৮৭ রানের টার্গেট দিয়েছিলো নাজমুল হোসেন শান্তর দল। তাওহিদ হৃদয়ের ক্যারিয়ার সেরা ইনিংসে প্রত্যাশামাফিক পুঁজি সংগ্রহের পর আশ জাগায় বাংলাদেশ। পরে বল হাতেও শুরুটা করে দারুণ। কিন্তু পাথুম নিসাঙ্কা ও চারিথ আসালাঙ্কার রেকর্ড জুটিতে ঘুরে দাঁড়িয়ে ম্যাচ জিতল শ্রীলঙ্কা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশকে ৩ উইকেটে হারাল শ্রীলঙ্কা। ২৮৭ রানের লক্ষ্য ১৭ বল বাকি থাকতেই ছুঁয়ে ফেলল তারা। বাংলাদেশের বিপক্ষে এটিই শ্রীলঙ্কার সবচেয়ে বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড। চট্টগ্রামের মাঠেও সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড এটি। তিন ম্যাচ সিরিজে এখন ১-১ সমতা।
ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ১১৩ বলে ১১৪ রান করেছেন নিসাঙ্কা। আসালাঙ্কা খেলেছেন ৯৩ বলে ৯১ রানের ইনিংস। চতুর্থ উইকেটে দুজন যোগ করেছেন দেশের সর্বোচ্চ ১৮৫ রান। অথচ দুজনই ফিরতে পারতেন অনেক আগেই। ৬ রানে আসালাঙ্কার ক্যাচ ছাড়েন লিটন কুমার দাস। ৭৩ রানে নিসাঙ্কার ক্যাচ নিতে পারেননি নাজমুল হোসেন শান্ত। জীবন পেয়ে বাংলাদেশের হতাশা আরও বাড়ান দুই ব্যাটসম্যানই।
নিসাঙ্কাকে ফিরিয়ে মেহেদী হাসান মিরাজ জুটি ভাঙলে কিছুক্ষণ পর ফেরেন আসালাঙ্কাও। পরে জানিথ লিয়ানাগেও আউট হলে প্রচ্ছন্ন সম্ভাবনা জাগায় বাংলাদেশ। কিন্তু ওয়ানিন্দু হাসারাঙ্গার ১৬ বলে ২৫ রানের ক্যামিও ইনিংসে সহজেই বাকি কাজ সারে সফরকারীরা।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৫০ ওভারে ২৮৬/৭ (লিটন ০, সৌম্য ৬৮, শান্ত ৪৯, হৃদয় ৯৬*, মাহমুদউল্লাহ ০, মুশফিক ২৫, মিরাজ ১২, তানজিম ১৮, তাসকিন ১৮*; মাদুশানকা ৬.৪-১-৩০-২, মাদুশান ৯-০-৬৮-১, কুমারা ৮-০-৫০-০, লিয়ানাগে ৪.২-০-৩০-০, আসালাঙ্কা ২-০-১০-০, ওয়েলালাগে ১০-০-৪৭-০, হাসারাঙ্গা ১০-১-৪৫-৪)
শ্রীলঙ্কা: ৪৭.১ ওভারে ২৮৭/৭ (নিসাঙ্কা ১১৪, আভিশকা ০, মেন্ডিস ১৬, সামারাউইক্রামা ১, আসালাঙ্কা ৯১, লিয়ানাগে ৯, ওয়েলালাগে ১৫*, হাসারাঙ্গা ২৫, মাদুশান ০*; শরিফুল ৯-০-৪৯-২, তানজিম ১০-০-৬৫-১, তাসকিন ৯-০-৪৯-২, মিরাজ ১০-০-৫৮-১, তাইজুল ৫-০-৪৩-১, সৌম্য ৪-০-২১-০, হৃদয় ০.১-০-২-০)
