চার বছরে প্রথম শেষ আটে বার্সেলোনা
চার বছর পর অবশেষে মঙ্গলবার রাতে ন্যাপোলিকে ৩-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা।
চ্যাম্পিয়ন্স লিগে বার্সেলোনা শেষ কবে কোয়ার্টারে উঠেছিল তা বোধহয় ভুলতেই বসেছেন এর সমর্থকরা। সেই ২০১৯-২০ মৌসুমে। লিওনেল মেসি তখনও বার্সায় খেলছেন। এরপর অবশ্য কেটে গেছে আরো চার বছর। তবে এ চার বছরে তিনবার শেষ ষোলোর আগেই বিদায় নেয়া বার্সা অবশেষে মঙ্গলবার রাতে ন্যাপোলিকে ৩-১ গোলে হারিয়ে উঠে গেছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে।
বেশ কিছুদিন ধরে কথা উঠেছিলো এবার বার্সা রাউন্ড অফ সিক্সটিনে বিদায় নিলে বরখাস্ত হতে পারেন কোচ জাভি। তবে এ মৌসুম শেষে বিদায় নিতে যাওয়া জাভি আপাতত সেটা উতরে গেছেন। শুধু উতরেই যাননি, জাভি বার্সাকে শেষ ষোলোয় তুলেছেন একেবারে জায়ান্টের মত করেই।
এর আগে অবশ্য প্রথম লেগের ম্যাচে ন্যাপোলির মাঠ দিয়েগো আরমান্ডো ম্যারাডোনা স্টেডিয়ামে ১-১ গোলে ড্র করে এসেছিল বার্সা। আর মঙ্গলবার অলিম্পিক লুই কোম্পানিস স্টেডিয়ামে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে ন্যাপেলিকে বিদায় করে কাতালান ক্লাবটি।
এদিন ম্যাচের ১৫ মিনিটে বার্সা উইঙ্গার ফারমিন লোপেজের গোলে এগিয়ে যায় বার্সা। এর দুই মিনিট পরেই আবার নাপোলির জালে বল পাঠান কানসেলো। তবে এরপরই খেই হারিয়ে ফেলে লেভানডফস্কিরা। এই সুযোগে ৩০ মিনিটে সেন্টার ব্যাক আমির রাহমানির গোলে ব্যবধান কমায় নাপোলি। ম্যাচের স্কোর তখন বার্সা ২, নাপোলি ১। দুই লেগ মিলিয়ে ৩-২ ব্যবধানে এগিয়ে বার্সেলোনা।
গোল খাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রনও হারিয়ে ফেলে বার্সা, তবে সুযোগটা নাপোলি নিতে পারেনি ফিনিশিং ভালো না হওয়ায়। নাইজেরিয়ান স্ট্রাইকার ভিক্টর ওসিমেনকে লক্ষ্য করে লম্বা পাসে খেলছিল নাপোলি। কিন্তু বার্সার হাই লাইন ডিফেন্স ভেঙ্গে এগোতে গিয়ে বারবার অফসাইড ট্র্যাপে পড়ছিলেন ওসিমেন।
ওদিকে, ওসিমেনের মত নজর ছিল আরেক সুপারস্টার রাবার্ট লেভানডফস্কির উপরও। তবে হতাশ করেছেন দু’জনেই।
যদিও শেষ পর্যন্ত লেওয়া গোল পেয়েছেন। ৮৩ মিনিটে গোল করে কার্যত ন্যাপেলিকে ম্যাচ থেকে ছিটকে দেন পোলিশ স্ট্রাইকার। এরপর ম্যাচে আর কোন গোল না হলে দুই লেগ মিলিয়ে ৪-২ ব্যবধানে চার বছরে প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠলো এফসি বার্সেলোনা।
