শ্রীলঙ্কার সঙ্গে টাইগারদের ওয়ানডে মিশন শুরু আজ
শ্রীলঙ্কার সঙ্গে টাইগারদের ওয়ানডে মিশন শুরু আজ। টি-টোয়েন্টি সিরিজে লড়াই করেও ২-১ ব্যবধানে হার। ওয়ানডে সিরিজে কি ঘুরে দাঁড়াতে পারবে বাংলাদেশ। আজ চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে মাঠে গড়াচ্ছে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। ম্যাচটি শুরু হবে দুপুর দুইটায়। টেস্ট আর টি-টোয়েন্টির তুলনায় ওয়ানডেতে তুলনামূলক ভালো খেলে বাংলাদেশ। সেই ২০১৫ সাল থেকে ২০২২ পর্যন্ত প্রতি বছরই ওয়ানডেতে টাইগারদের পারফরম্যান্স ছিল দারুণ।
এবার নতুন বছর সালের প্রথমেই শ্রীলঙ্কার কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরে শুরু হয়েছে টাইগারদের। এবার ওয়ানডেতে লঙ্কানদের সামনে নাজমুল হোসেন শান্তর দল। তবে ২০২৩ সালে এই ওয়ানডে ফরম্যাটটাই ভালো কাটেনি। গত বছর ৩২টি একদিনের খেলায় অংশ নিয়ে ১১টি ম্যাচ জিতেছে বাংলাদেশ। যে টি-টোয়েন্টি ফরম্যাটে জয়ের দেখা মিলেছে কালেভদ্রে, গত বছর সেই টি-টোয়েন্টিতেই বরং টিম বাংলাদেশের জয়ের সংখ্যা ছিল বেশি। ১৪টি টি-টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের জয়সংখ্যা ছিল ১০।
প্রথম ওয়ানডেতে টাইগারদের একাদশ কেমন হতে পারে? তিন মাস আগে গত বছর ডিসেম্বরে নেলসন ও নেপিয়ারে কিউইদের বিপক্ষে ৩ পেসার, ৬ ব্যাটার আর ২ স্পিনার দিয়ে দল সাজিয়ে শতভাগ সাফল্যের দেখা মিলেছিল। এবার ঘরের মাঠে কি সেই কম্বিনেশনই থাকবে, নাকি রদবদল ঘটবে?
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ
লিটন দাস, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিব।
