চ্যাম্পিয়ন্স লিগ থেকে রোনালদোর বিদায়
ইউরোপে ক্রিস্টিয়ানো রোনালদোকে বলা হত মিস্টার চ্যাম্পিয়ন্স লিগ। তবে ইউরোপ ছেড়ে ২০২২ সালেই তিনি পাড়ি জমিয়েছেন সৌদি আরবে। অবশ্য সৌদিতে এসেও রোনালদো পেয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের স্বাদ। সেটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। কিন্তু টানা দ্বিতীয় বারের মতো আল নাসরকে শিরোপা এনে দিতে ব্যর্থ হলেন সিআরসেভেন।
সোমবার এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আল আইনের বিপক্ষে তাঁর দল আল নাসর ৪-৩ গোলে জিতেছেও। কিন্তু দুই লেগ মিলিয়ে সমতা থাকায় ম্যাচ গড়ায় টাইব্রেকারে। সেখানে ৩-১ গোলে হেরে এশিয়ান চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে আল নাসর।
এর আগে প্রথম লেগে সংযুক্ত আরব আমিরাতের ক্লাব আল আইনের কাছে ১-০ ব্যবধানে হারের পর এদিনও আল নাসর নিজেদের মাঠে ৪৫ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ে। আল নাসর ভক্তদের কপাল যখন দুঃশ্চিন্তার ভাঁজ তখন প্রথমার্ধে যোগ করা সময়ের ৫ মিনিটে আল নাসরের ব্যবধান কমান আবদুরহমান গারিব। দ্বিতীয় অর্ধের ৫১ মিনিটে খালিদ ইসার আত্মঘাতী গোলে সমতায় ফেরে তারা।
৭২ মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড অ্যালেক্স তেলেসের গোলে ৩-২ গোলে এগিয়ে যায় আল নাসর। দুই লেগ মিলিয়ে তখন ম্যাচে ৩-৩ সমতা। নির্ধারিত ৯০ মিনিটে কোনো দলই আর গোল না পাওয়ায় ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ১০৩ মিনিটের আবারো সমতায় ফেরে আল আইন। ফলে দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় দুবাইয়ের ক্লাবটি।
আল নাসরের সেমিফাইনালে যাওয়ার আশা যখন ম্লান হয়ে আসছিল, দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ পান রোনালদো। আল আইনের গোলকিপারের হাত ফসকে আসা বল পোস্ট থেকে ৩ গজ দূরে পেয়ে যান পর্তুগিজ ফরোয়ার্ড। কিন্তু আল নাসরের তারকা সেখান থেকে বল মারেন বাইরে।
এরপর অবশ্য রোনালদোই ১১৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে আল নাসরকে ৩-২ গোলে জয় এনে দেন। তবে এ ম্যাচে রোনালদোরা ৩-২ ব্যবধানে জয় পেলেও দুই লেগ মিলিয়ে ৩-৩ সমতা থাকায় ম্যাচ গড়ায় ট্রাইবেকার নামক ভাগ্য পরিক্ষায়। কিন্তু ট্রাইবেকারে নিজের শট থেকে রোনালদো গোল করলেও ব্যর্থ হন ব্রোজোভিচ, তেলেস ও ওতাভিও। অন্যদিকে নিজেদের প্রথম ৩ শট থেকেই গোল করে আল নাসরকে টাইব্রেকারে হারিয়ে সেমিফাইনালে ওঠে আল আইন।
