অধিনায়কত্ব ছাড়তে তামিমকে থ্রেট দেয়া হয়েছিল
এ মুহুর্তে দেশের ক্রিকেটে সবচেয়ে আলোচনার বিষয়, "তামিম কি জাতীয় দলে ফিরছেন নাকি আর ফিরছেন না?" তবে তামিমের ফেরা নিয়ে যখন চারিদিকে বেশ জল্পনা-কল্পনা, ঠিক তখনই এ নিয়ে মুখ খুলেছেন সাবেক অধিনায়ক। এর আগে বিপিএলের ফাইনালে দেশসেরা ওপেনার জানিয়েছিলেন, 'তাকে দলে ফেরাতে হলে ঠিক করতে হবে অনেক কিছু'।
এরপর গতকাল রোববার বিসিবির দুই পরিচালকের সঙ্গে জাতীয় দলে ফেরা নিয়ে আলোচনায় বসেছিলেন তামিম। যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক এনায়েত হোসেন সিরাজ ও ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। আলেচনার পর তামিম অবশ্য জানিয়েছেন এ বছর জাতীয় দলে তাকে আর পাওয়া যাচ্ছে না।
এরপর দেশের একটি বেসরকারি টেলিভিশনকে দেয়া সাক্ষাৎকারে তামিম মুখ খুলেছেন বিশ্বকাপের আগে থেকে এখন পর্যন্ত ঘটে যাওয়া বিভিন্ন ঘটনা নিয়ে। এশিয়া কাপের আগে ওয়ানডে দলের অধিনায়কত্ব ছাড়ার প্রসঙ্গে তামিম বলেন, ‘আমার সঙ্গে পাপন ভাই, জালাল ভাই ওনার(পাপন) বাসায় দেড় ঘণ্টা মিটিং হয়েছে। আমি সবকিছু শেয়ার করেছি, আমি কেমন অনুভব করি, সেখানে অবশ্যই ইনজুরি একটা কনসার্ন ছিল। আমরা এশিয়া কাপের আগের কথা বলছি, আমার বোর্ড প্রেসিডেন্ট ও ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের সঙ্গে আমার লম্বা আলোচনা হয়। টিম ম্যানেজমেন্ট থেকে আমাকে অলমোস্ট কয়েকবার থ্রেটও দেওয়া হয়েছিল। এই রকম হলে আমরা অন্য ক্যাপ্টেন দেখব। সবকিছু নিয়ে আমি খুশি ছিলাম না। অনেক কিছু হয়েছে সেটা আমি আসলে বলতে চাই না, ক্রিকেট বোর্ড সবকিছুই জানে।’
এছাড়াও তামিম কথা বলেছেন বিশ্বকাপের আগে সাকিবের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে দেয়া সাক্ষাতকার নিয়েও। তবে তাতে দেখা গেছে বিনয়ী তামিমকেই। তামিম জানান, তিনি গণমাধ্যমের সামনে সতীর্থকে নিয়ে কথা বলার মতো মানুষ নন। তিনি বলেন, ‘সবারই নিজস্ব ব্যক্তিত্ব আছে, চিন্তাভাবনা-কথা বলার আলাদা ধরণ আছে। তবে আমি এমন কেউ না, যে মিডিয়াতে নিজের কলিগকে নিয়ে কথা বলব।
তামিম জাতীয় দলে ফিরবেন কি না এমন প্রশ্নের উত্তরও দিয়েছেন দেশের অন্যতম সেরা এ ব্যাটার। ‘একটা জিনিস ভুল। আমি বলেছিলাম যে, আমাকে ফেরাতে হলে অনেক কিছু ঠিক করতে হবে। অনেক কিছু পরিবর্তন করতে হবে এবং সব ঠিক করতে হবে, এর মধ্যে পার্থক্য আছে। আমাকে ফেরাতে হলে সব নিয়ম পরিবর্তন করতে হবে, এটা আমি কখনো বলব না।’
হাথুরু থাকলে তামিম ফিরবেন কি না এমন প্রশ্নের উত্তরে এক লাইনে তামিম বলেছেন, ‘আমার ফেরাটা কঠিন হবে, এতটুকু বলতে পারি।’ এরপরই অবশ্য বলেছেন, 'যেহেতু ওনারা আমাকে আরেকটা মিটিংয়ে ডেকেছে, আমার উচিত তাদের প্রতি সম্মান দেখানো। যদি মিটিংটা আজকে হয়ে যেত তাহলে এই প্রশ্নের সরাসরি উত্তর দিতে পারতাম। কিন্তু আমাকে সেই মিটিং পর্যন্ত অপেক্ষা করতে হবে।’
তবে আপাতত মনে হচ্ছে তামিমের জাতীয় দলে ফেরাটা বেশ কঠিনই হয়ে পড়েছে। অবশ্য অবসর নিয়ে তামিম জানিয়েছেন, একবার অবসর নিয়ে ফিরে আসার পর আবার অবসর নিতে চান না তিনি।
