ক্লপ-গার্দিওলার শেষ লড়াই ড্র, শীর্ষে আর্সেনাল
ইয়ুর্গেন ক্লপ ও পেপ গার্দিওলা! দুই হাইপ্রোফাইল কোচের তীব্র প্রতিদ্বন্দ্বীতা ইংলিশ প্রিমিয়ার লিগকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। তবে রাইভালিটি ছাপিয়ে দুই গুরু একে-অপরের বেশ ভালো বন্ধুও।
কিছুদিন আগেই ক্লপ লিভারপুল ছাড়ার ঘোষণা দিয়েছেন। ফলে আজকের ম্যাচটি হয়ে গেছে দুই কোচে ইপিএলে শেষবারের মোকাবিলা। আর এ শেষ ম্যাচটা প্রতিদ্বন্দ্বী দুই বন্ধু শেষ করেছেন সমতা রেখে। অর্থাৎ অ্যানফিল্ডে লিভারপুল-ম্যানসিটির ম্যাচটি ড্র হয়েছে ১-১ গোলে। আর তাদের ড্র’য়ে লিভারপুলের সমান পয়েন্ট হলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে শীর্ষস্থান ধরে রেখেছে আর্সেনাল।
রোববার শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে ওঠে দুই জায়ান্টের লড়াই। জন স্টোনের গোলে প্রথমার্ধেই এগিয়ে যায় ম্যানচেস্টার সিটি। তবে বিরতির পর শুরুতেই আর্জেন্টাইন তারকা ম্যাক অ্যালিস্টারের পেনাল্টি থেকে করা গোলে সমতায় ফেরে অলরেডরা।
এরপর ম্যাচে হতে পারতো আরো বেশ কিছু গোল। কিন্তু দু’দলের ফিনিশারদের দুর্বলতায় স্কোরলাইন অবশ্য আর বড় হয়নি। দু’দলই লক্ষ্যে শট নিয়েছে সমান ৬টি করে মোট ১২টি, গোলের সুযোগ তৈরি করেছে ২৯টি।

এবারের লিগ মৌসুমে প্রথম লড়াইয়েও ড্র করেছিল লিভারপুল–সিটি। গত নভেম্বরে ইতিহাদ স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের ফলও আজকের মতোই ১–১! সেই ম্যাচেও প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে দাঁড়িয়েছিল অলরেডরা। আর দ্বিতীয় লড়াইও যেন এর পুনরাবৃত্তিই করেছে ক্লপ ও গার্দিওলার শিষ্যরা।
তবে তাদের ড্র’য়ে সবচেয়ে বেশি লাভটা হয়েছে আরেক জায়ান্ট ক্লাব আর্সেনালের। লিগে গানার্সরা ধরে রেখেছে শীর্ষস্থান।
গতকাল ব্রেন্টফোর্ডকে হারিয়ে শীর্ষে ওঠা আর্সেনালের পয়েন্ট ২৮ ম্যাচে ৬৪। আজ ড্র’য়ের পর লিভারপুলের পয়েন্টও আর্সেনালের সমান ২৮ ম্যাচে ৬৪ কিন্তু আর্সেনালের গোল ব্যবধান লিভারপুলের চেয়ে ৭টি বেশি। অপরদিকে, সমানসংখ্যক ম্যাচে ম্যানসিটির পয়েন্ট ৬৩। তারা রয়েছে পয়েন্ট তালিকার তিন-এ।
