সাফ অনূর্ধ্ব-১৬ নারী শিরোপা বাংলাদেশের
সাফ অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপ ফাইনালে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয়েছে। ভারতের বিপক্ষে ফাইনাল ম্যাচ নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র ছিল। টাইব্রেকারে বাংলাদেশ ৩-২ গোলে ভারতকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
ম্যাচের পঞ্চম মিনিটেই আনুশকা কুমারীর গোলে এগিয়ে গিয়েছিল ভারত। শুরুতেই গোল খেয়ে হতভম্ব ব্যাপারটি কাটাতে খানিকাটা বেশি সময়ই নিয়ে ফেলে বাংলাদেশ অনূর্ধ্ব–১৬ দলের মেয়েরা। ফাইনাল খেলার চাপেই কিনা, স্বাভাবিক খেলাটা একেবারেই খেলতে পারছিল না সুরভী আকন্দ, থুইনুই মারমারা। ভারতের মেয়েদের প্রেসিং ফুটবলে জায়গাটাও ঠিক মতো করে নিতে পারছিল না বাংলাদেশ। তবে দ্বিতীয়ার্ধে বল পায়ে রেখে খেলার পুরস্কারটা বাংলাদেশ আদায় করে নিয়েছে ম্যাচের ৭১ মিনিটে। মরিয়মের সুযোগ সন্ধানী এক গোলে ১–১ সমতায় ফিরে মেয়েদের সাফ অনূর্ধ্ব–১৬ ফুটবলের ফাইনাল টাইব্রেকারে যায় বাংলাদেশ।
টাইব্রেকারে বাংলাদেশের জয়ের নায়ক গোলরক্ষক ইয়ারজান বেগম। ভারতের পাঁচ শটের মধ্যে তিনটি তিনি সেভ করেন। বিশেষ করে ভারতের শেষ শট তিনি সেভ করায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার উল্লাস করতে পেরেছে।
টাইব্রেকারের শুরুটা অবশ্য বাংলাদেশের ভালো হয়নি। দলের হয়ে প্রথম শট নেওয়া সুরভী আকন্দ প্রীতি মিস করেন। তার শট ঠেকিয়ে দেয় ভারতের গোলরক্ষক। টাইব্রেকারের জন্যই ভারতীয় কোচ ম্যাচ শেষ হওয়ার এক মিনিট আগে গোলরক্ষক পরিবর্তন করেন। ভারত প্রথম শটে গোল করলে বংলাদেশ পিছিয়ে পড়ে।
ভারতের দ্বিতীয় ও তৃতীয় শট টানা সেভ করে বাংলাদেশকে ম্যাচে রাখেন ইয়ারজান বেগম। পক্ষান্তরে মারিয়াম ও থুইনি মারমা গোল করলে বাংলাদেশ ২-১ এর লিড পায়। ভারত চতুর্থ শটে গোল করলে স্কোরলাইনে আবার সমতা হয়। বাংলাদেশের পঞ্চম শটে সাথী মুন্ডা গোল করেন। ভারতকে খেলায় টিকে থাকতে হলে পঞ্চম শটে গোল করতেই হতো। বাংলাদেশের গোলরক্ষক শেষ শট সেভ করায় ৩-২ স্কোরলাইনে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
