লিভারপুলকে টপকে শীর্ষে আর্সেনাল
এ ম্যাচ জিতলেই লিভারপুলকে টপকে ওঠে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে। এমন সমীকরণ সামনে রেখে শনিবার রাতে ব্রেন্টফোর্ডের মুখোমুখি হয়েছিল গানার্সরা। তবে অ্যারন রামসডেলের শিশুসুলভ ভুলে শীর্ষে ওঠার সুযোগ যখন হারাতে বসেছিল মিকেল আর্তেতার দল ঠিক তখনই আর্সেনালকে এ যাত্রায় ‘বাঁচিয়ে’ দিলেন কাই হাভার্টজ। ২৪ বছর বয়সী জার্মান ফরোয়ার্ডের গোলে ব্রেন্টফোর্ডকে ২-১ ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগ পয়েন্ট তালিকার শীর্ষে ওঠে গেছে আর্সেনাল।
রোববার রাতে লিভারপুল-ম্যানচেস্টার সিটি ম্যাচে কেউ না জিতলে এক নম্বরেই থাকবে মিকেল আরতেতার দল।
এদিন খেলতে নেমেই দ্রুত লিড নেয় আর্সেনাল। ১৯তম মিনিটে বেন হোয়াইটের বক্সের ভেতরে বাড়ানো বল ডেকলান রাইস হেড করলে ১-০ তে লিড পায় গানার্সরা। এরপর তার আক্রমণের ধার আরো বাড়তে থাকে। তবে এমন পারফরম্যান্সের দিনে প্রথমার্ধের শেষদিকে উল্টো গোল হজম করে বসে আর্সেনাল।
ডিফেন্ডাররা গোলকিপারের দিকে বল বাড়ালে প্রতিপক্ষের ফরোয়ার্ড চাপ তৈরির জন্য বলের আশপাশে লেগে থাকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে তেমনই চাপ তৈরি করার জন্য রামসডেলের দিকে এগিয়ে গিয়েছিলেন ব্রেন্টফোর্ডের ইয়োয়ান উইসা। রামসডেল ধীরে-সুস্থে বল পায়ে নিলে লম্বা পাস নেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। একপাশ থেকে উইসার ছুঁটে আসার দিকে নজরই যায়নি তার। যখন পাস নিলেন, ততক্ষণে উইসা বলের কাছে। ডিআর কঙ্গো ফরোয়ার্ডের গায়ে লেগে বলের জায়গা হয় জালে।
তবে একটা সময় যখন মনে হচ্ছিল ১ পয়েন্ট নিয়ে ম্যাচটি শেষ করতে যাচ্ছে আর্সেনাল, ঠিক তখনই ত্রাতা হয়ে আসেন কাই হাভার্টজ। ৮৬ মিনিটে হোয়াইটের মাধ্যমে পাওয়া বলে হেডে জালে পাঠান ২৪ বছর জার্মান ফরোয়ার্ড।
পয়েন্ট তালিকার শীর্ষে ওঠা আর্সেনালের ২৮ ম্যাচে পয়েন্ট ৬৪। এক ম্যাচ কম খেলে লিভারপুলের ৬৩, ম্যানচেস্টার সিটির ৬২। তবে রোববার লিভারপুল-ম্যানসিটি ম্যাচে যে কেউ জয় পেলে আবারও দু’য়ে নেমে যাবে মিকেল আর্তেতার দল।
