ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬-এর চ্যাম্পিয়ন রিয়েল মাদ্রিদ
ফাইনালে পেনাল্টি শুটআউটে ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে শিরোপা জয়
রাজধানীর কোর্টসাইড ফুটসাল গ্রাউন্ডে অনুষ্ঠিত ‘ফুটসাল ৭ টুর্নামেন্ট ২০২৬’-এর শিরোপা জিতে নিয়েছে রিয়েল মাদ্রিদ। ৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটি আয়োজিত এই টুর্নামেন্টের রোমাঞ্চকর ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি শুটআউটে ২-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
ফাইনাল ম্যাচের নির্ধারিত সময়ে উভয় দলই আক্রমণ-পাল্টা আক্রমণ চালালেও কেউই গোলের দেখা পায়নি। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় পেনাল্টি শুটআউটে। সেখানে দারুণ নৈপুণ্য প্রদর্শন করে রিয়েল মাদ্রিদ ২-০ গোলে জয় নিশ্চিত করে এবং টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয়।
ফাইনালে অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ রিয়েল মাদ্রিদের কো-ওনার ও গোলরক্ষক সাব্বির ফেরদৌস রাতুল ‘ম্যান অব দ্য ফাইনাল’ নির্বাচিত হন। একই সঙ্গে দুর্দান্ত নৈপুণ্যের জন্য তিনি ‘প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট’ এবং ‘বেস্ট গোলকিপার’ পুরস্কারও জিতে নেন।
টুর্নামেন্টের অন্যান্য ব্যক্তিগত পুরস্কারের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতার সম্মাননা অর্জন করেন আর্সেনাল দলের মাশফিক এবং চেলসি দলের সোহেল জামান। এছাড়া রানার্সআপ দল ম্যানচেস্টার ইউনাইটেডের অপু ‘বেস্ট ডিফেন্ডার’ এবং একই দলের মতিউর ‘বেস্ট মিডফিল্ডার’-এর পুরস্কার লাভ করেন।
৯৭-৯৯ স্পোর্টস কমিউনিটির আয়োজনে দিনব্যাপী এই ফুটসাল টুর্নামেন্টে মোট ছয়টি দল—আর্সেনাল, বার্সেলোনা, চেলসি, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়েল মাদ্রিদ অংশগ্রহণ করে। খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ এবং দর্শকদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পুরো আয়োজনটি উৎসবমুখর হয়ে ওঠে।
উল্লেখ্য, খেলাধুলার মাধ্যমে এসএসসি-৯৭ ও এইচএসসি-৯৯ ব্যাচের সদস্যদের মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যেই নিয়মিতভাবে এ ধরনের টুর্নামেন্টের আয়োজন করা হচ্ছে।
