মেসিকে লাল কার্ড না দেওয়ায় ক্ষুব্ধ প্রতিপক্ষ কোচ
মাঠের উত্তেজনায় মেজাজ হারিয়ে প্রতিপক্ষ খেলোয়াড়ের মুখে বল ছুড়ে মারলেন লিওনেল মেসি। এমন আচরণের পরও লাল কার্ড না দেখে মাঠে থাকায় ক্ষুব্ধ হয়েছেন কলম্বাস ক্রুর কোচ লরাঁ কোর্তোয়া। তাঁর মতে, আর্জেন্টাইন মহাতারকার এই ঘটনায় লাল কার্ড পাওয়াই উচিত ছিল।
২০২৬ এমএলএস কাপের প্লে-অফের প্রথম রাউন্ডে বাংলাদেশ সময় রোববার সকালে মুখোমুখি হয়েছিল ইন্টার মায়ামি ও কলম্বাস ক্রু। ম্যাচে মেসির দল ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পাশাপাশি মাঠের একটি ঘটনা জন্ম দিয়েছে নতুন বিতর্কের।
ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে ঘটনাটি ঘটে। তখন ১-০ গোলে পিছিয়ে থাকা ইন্টার মায়ামি একটি থ্রো-ইন পায়। বল হাতে টাচলাইনে দাঁড়ান মেসি। এ সময় তাঁর সামনে খুব কাছাকাছি অবস্থান নেন কলম্বাসের গন্সালো তাপিয়া। এতে ক্ষুব্ধ হয়ে তাপিয়ার মুখ লক্ষ্য করে সরাসরি বল ছুড়ে মারেন বিশ্বকাপজয়ী এই ফরোয়ার্ড।
পরিস্থিতি সামাল দিতে রেফারি মেসি ও তাপিয়া—দুজনকেই হলুদ কার্ড দেখান। তবে মেসির এমন আচরণের পরও লাল কার্ড না দেওয়ায় ম্যাচ শেষে ক্ষোভ প্রকাশ করেন কলম্বাসের কোচ কোর্তোয়া।
ঘটনাটি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, “সবাই জানে, ঘটনাটি হলুদ কার্ডের চেয়ে বেশি কিছু ছিল।”
মেজর লিগ সকারের (এমএলএস) কর্তৃপক্ষের ঘটনাটি পর্যালোচনা করা উচিত কি না, এমন প্রশ্নের জবাবে পুরো পরিস্থিতিকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন তিনি।
তবে ঘটনার শিকার তাপিয়া বিষয়টি নিয়ে আর বিতর্ক বাড়াতে চাননি। ম্যাচে জোড়া গোল করা এই ফুটবলার বলেন, “এটা খেলারই একটা অংশ। আমি জানি না, সেটি লাল কার্ডের ঘটনা ছিল কি না। তবে এ বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার আমার নয়, রেফারির।”
ইন্টার মায়ামির কোচ ক্রিস্তিয়ান ‘কিলি’ গন্সালেসও রেফারির সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলতে চাননি। তাঁর মতে, লাল কার্ড দেওয়া হলেও ম্যাচের পরিস্থিতিতে বড় কোনো পরিবর্তন আসত না।
তিনি বলেন, “পরিস্থিতিটা নিয়ে আমাকে ভাবতে হবে। কার্ড দেওয়া বা না দেওয়ায় সেটা বদলাত না। রেফারি হলুদ কার্ড দিয়েছেন, এটাই মূল কথা। আমরা রেফারিকে দোষ দিতে পারি না। কখনও তাঁরা ভুল করেন, আমাদের সেটা মেনে নিতে হবে।”
এদিকে মাঠের এই বিতর্কের পাশাপাশি বড় ধাক্কা খেয়েছে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের দ্বিতীয় বাছাই হিসেবে প্লে-অফে জায়গা পাওয়া দলটি প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে।
প্লে-অফে টিকে থাকতে আগামী শুক্রবার দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই মেসিদের সামনে। হারলেই শেষ হয়ে যেতে পারে তাদের শিরোপার স্বপ্ন। ফলে মাঠের বিতর্ক পেছনে ফেলে পরের ম্যাচে ঘুরে দাঁড়ানোই এখন মায়ামির প্রধান চ্যালেঞ্জ।
