বার্সেলোনা আমার জীবনের অবিচ্ছেদ্য অংশ: লিওনেল মেসি
সংগৃহীত
ক্যারিয়ারের সবচেয়ে স্মরণীয় সময় বার্সেলোনাতেই কাটিয়েছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। স্পেনে গিয়ে মর্যাদাপূর্ণ ‘প্রিন্সেস অব আস্তুরিয়াস’ পুরস্কার গ্রহণের আগে প্রিয় ক্লাবটির সঙ্গে জড়িয়ে থাকা স্মৃতির কথা তুলে ধরেছেন তিনি। মেসির কাছে বার্সেলোনা শুধু একটি ফুটবল ক্লাব নয়, বরং তাঁর জীবনের অবিচ্ছেদ্য অংশ।
বৃহস্পতিবার স্ত্রী আন্তোনেলা রোকুজ্জুকে সঙ্গে নিয়ে স্পেনের ওভিয়েদো শহরে পৌঁছান আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার। সেখানে ভক্তদের উষ্ণ অভ্যর্থনা পান তিনি। খেলাধুলায় অসামান্য সাফল্যের পাশাপাশি নিজের দাতব্য ফাউন্ডেশনের মাধ্যমে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের আস্তুরিয়াস অ্যাওয়ার্ড ফর স্পোর্ট পাচ্ছেন মেসি।
ওভিয়েদোর হোটেল দে লা রেকনকিস্তায় অবস্থানকালে স্প্যানিশ সংবাদ সংস্থা ইএফইকে দেওয়া এক সাক্ষাৎকারে পুরস্কারটি নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন ৩৯ বছর বয়সী এই ফুটবলার। তাঁর কাছে এ স্বীকৃতি বিশেষ তাৎপর্য বহন করে। কারণ, পুরস্কারটি গ্রহণের বিষয়ে তাঁর প্রয়াত বাবা হোর্হে মেসিও ছিলেন অত্যন্ত আগ্রহী।
গত আগস্টে মারা যাওয়ার আগে ছেলেকে এই পুরস্কার গ্রহণের জন্য স্পেনে যাওয়ার ব্যাপারে বিশেষভাবে উৎসাহ দিয়েছিলেন হোর্হে। ব্যস্ত সূচির কারণে সেখানে যাওয়া কঠিন হতে পারে, তা জানা সত্ত্বেও বাবার ইচ্ছাকে গুরুত্ব দিয়েছেন মেসি।
বাবার স্মৃতিচারণা করে মেসি জানান, এই স্বীকৃতি পেয়ে তিনিও অত্যন্ত আনন্দিত। পুরস্কারটি নিয়ে তাঁর বাবা ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। মেসি যেন অবশ্যই এটি গ্রহণ করতে স্পেনে যান, সে জন্যও জোর দিয়েছিলেন তিনি। বাবার সেই আনন্দের কথা স্মরণ করে মেসির বিশ্বাস, তিনি বেঁচে থাকলে এই মুহূর্তটি উপভোগ করতেন।
বার্সেলোনার সঙ্গে মেসির সম্পর্কও গভীর আবেগে জড়ানো। ২০০০ সালে ক্লাবটির যুব দলে যোগ দেওয়ার পর ধীরে ধীরে বিশ্বের অন্যতম সেরা ফুটবলার হয়ে ওঠেন তিনি। বার্সেলোনার জার্সিতে একের পর এক শিরোপা জয়ের পাশাপাশি ব্যক্তিগত অর্জনেও সমৃদ্ধ হয়েছে তাঁর ক্যারিয়ার। তবে ২০২১ সালে ক্লাবটির আর্থিক সংকটের কারণে নিজের ইচ্ছার বিরুদ্ধে বার্সেলোনা ছাড়তে হয় তাঁকে।
ক্লাবটির হয়ে কাটানো সময়ের মূল্যায়ন করতে গিয়ে মেসি জানান, তাঁদের দল অনেক শিরোপা জিতেছে। মাঠে নিজেদের খেলা ও সাফল্য উপভোগ করেছেন তাঁরা। গুরুত্বপূর্ণ সব অর্জনের পাশাপাশি সতীর্থদের সঙ্গে একসঙ্গে কাটানো সময়ও তাঁর কাছে ছিল অসাধারণ এক অভিজ্ঞতা।
বার্সেলোনা তাঁর জীবনে কতটা গুরুত্বপূর্ণ, এমন প্রশ্নের জবাবে মেসি বলেন, বিষয়টি অল্প কথায় ব্যাখ্যা করা কঠিন। তবে ক্লাবটিকে তিনি নিজের জীবনের ক্লাব হিসেবেই দেখেন। তাঁর এই বক্তব্যে স্পষ্ট, খেলোয়াড়ি জীবনের সবচেয়ে উজ্জ্বল অধ্যায় গড়ে দেওয়া বার্সেলোনার প্রতি মেসির আবেগ ও ভালোবাসা আজও অটুট।
