পদত্যাগের প্রশ্নে রসিকতা করলেন ইনফান্তিনো
সংগৃহীত
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো দাবি করেছেন, বিশ্ব ফুটবলের সংখ্যাগরিষ্ঠ অংশের সমর্থন এখনো তাঁর প্রতি রয়েছে। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির প্রস্তাব ঘিরে বিতর্কের মধ্যে পদত্যাগের কথা ভেবেছেন কি না, এমন প্রশ্নও হাসতে হাসতে এড়িয়ে গেছেন তিনি।
বিবিসি স্পোর্টকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের নেতৃত্ব নিয়ে আত্মবিশ্বাসের কথা জানান ইনফান্তিনো। ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাব ঘিরে বিতর্কের পর তাঁর নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। তবে ভিন্নমতকে স্বাভাবিক উল্লেখ করে ফিফা সভাপতি বলেন, মতের অমিল থাকতেই পারে। সেসব সামলে সামনে এগিয়ে যাওয়ার সক্ষমতাও থাকতে হবে।
ইনফান্তিনো বলেন, ‘মতবিরোধ থাকাটা খারাপ কিছু নয়। বিশ্বের অনেক দেশেই আমরা প্রতিদিন এমনটা দেখি। মতের অমিল থাকতে পারে, ভিন্ন দৃষ্টিভঙ্গিও থাকতে পারে—এতে সমস্যা নেই।’
২০১৬ সাল থেকে ফিফার নেতৃত্বে থাকা ইনফান্তিনো দুই মাস আগে পদত্যাগের দাবির মুখে পড়েন। ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা, এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) এবং উত্তর ও মধ্য আমেরিকার ফুটবল পরিচালনাকারী সংস্থা কনকাকাফের প্রধানেরা একটি চিঠিতে তাঁর বিরুদ্ধে ‘প্রতারণার মাধ্যমে’ আস্থা ভঙ্গের অভিযোগ আনেন।
এফএফই প্রস্তাবের আওতায় ফিফা পরিচালিত প্রতিযোগিতাগুলোর বাণিজ্যিক স্বত্বের একটি অংশ বেসরকারি বিনিয়োগ প্রতিষ্ঠানের কাছে বিক্রির পরিকল্পনা ছিল। তবে কয়েক দিনের মধ্যেই প্রস্তাবটি বাতিল করেন ইনফান্তিনো। গত সপ্তাহে এ-সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথি আগামী ২ নভেম্বরের মধ্যে প্রকাশের দাবি জানিয়েছে উয়েফা। সংস্থাটির সাধারণ সম্পাদক থিওডোর থিওডোরিদিস বলেছেন, বেশ কিছু মৌলিক প্রশ্নের উত্তর এখনো পাওয়া যায়নি।
বিতর্কের পর মরক্কো, ডোমিনিকান প্রজাতন্ত্র, কেপ ভার্দে ও জাপান সফর করেছেন ইনফান্তিনো। এসব সফরের মাধ্যমে সমর্থন ধরে রাখার চেষ্টা করেছেন তিনি। আগামী বছর ফিফা সভাপতি হিসেবে চতুর্থ মেয়াদে তাঁর পুনর্নির্বাচিত হওয়ার সম্ভাবনাও এখন জোরালো হয়েছে।
