স্পেনের আরও এক ক্লাবের মালিক হলেন মেসি
স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব এলদেনসের অধিগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করেছেন ইন্টার মায়ামির তারকা লিওনেল মেসি। বৃহস্পতিবার (০১ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।
এলদেনসের পক্ষ থেকে জানানো হয়েছে, মেসির মালিকানায় ক্লাবটির শত বছরের বেশি পুরোনো ইতিহাসে নতুন একটি পর্ব শুরু হচ্ছে। তার নেতৃত্বে ক্লাবটির ক্রীড়া কার্যক্রমের পাশাপাশি প্রাতিষ্ঠানিক ও সামাজিক উন্নয়নের জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেওয়া হবে।
তবে মালিকানা বদলের প্রক্রিয়া পুরোপুরি শেষ করতে স্পেনের জাতীয় ক্রীড়া পরিষদের অনুমোদন প্রয়োজন। বর্তমানে এলদেনসের মালিক কলম্বিয়ান বিনিয়োগ প্রতিষ্ঠান গ্রুপো টিএইচ। কলম্বিয়া ও সুইজারল্যান্ডেও এই প্রতিষ্ঠানের বিভিন্ন ফুটবল ক্লাব রয়েছে।
এলদেনসের মালিকানা পাওয়ার মাধ্যমে স্পেনে মেসির অধীনে থাকা ক্লাবের সংখ্যা দাঁড়াল দুইয়েতে। এর আগে বার্সেলোনার শহরতলির পঞ্চম বিভাগের ক্লাব কর্নেয়ার মালিকানাও নিয়েছিলেন আর্জেন্টাইন তারকা। চলতি বছরের শুরুতে সেই বিনিয়োগের খবর সামনে আসে।
তবে দুটি ক্লাবের মালিকানা একই সঙ্গে ধরে রাখা নিয়ে ভবিষ্যতে কিছু নিয়মগত প্রশ্ন উঠতে পারে। মেসি দুই ক্লাবেরই সংখ্যাগরিষ্ঠ শেয়ারহোল্ডার। স্পেনের ফুটবল কর্তৃপক্ষ একই মালিক বা নিয়ন্ত্রণকারী শেয়ারহোল্ডারের একাধিক দলকে একই বিভাগে খেলার ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে থাকে। বর্তমানে এলদেনস ও কর্নেয়া ভিন্ন স্তরের ফুটবলে থাকায় তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো জটিলতা তৈরি হওয়ার সম্ভাবনা নেই।
১৯২১ সালে প্রতিষ্ঠিত এলদেনসে দীর্ঘ সময় স্প্যানিশ ফুটবলের শীর্ষ দুই বিভাগের বাইরে ছিল। ১৯৬৪ সালের পর ২০২৩ সালে প্রথমবার দ্বিতীয় বিভাগে ওঠে দলটি। তবে সেই অবস্থান ধরে রাখতে পারেনি তারা। ২০২৫ সালে অবনমিত হয়ে বর্তমানে তৃতীয় স্তরের ফুটবলে খেলছে এলদেনসে।
