ইমনের চার-ছক্কায় রুদ্ধশ্বাস জয়, সেমিফাইনালে বাংলাদেশ ‘এ’
সংগৃহীত ছবি
জয়ের জন্য প্রয়োজন ১৩ রান, হাতে মাত্র একটি উইকেট। ক্রিজে শেষ দুই ব্যাটসম্যান ইকবাল হোসেন ইমন ও রিপন মন্ডল। ম্যাচের নিয়ন্ত্রণ তখন অনেকটাই আফগানিস্তানের হাতে। কিন্তু শেষ মুহূর্তে অবিশ্বাস্য সাহসিকতায় ম্যাচের চিত্র পাল্টে দিলেন ১১ নম্বরে ব্যাট করতে নামা ইমন। পরপর দুই বলে চার ও ছক্কা হাঁকিয়ে বাংলাদেশকে এনে দিলেন রোমাঞ্চকর জয়। একই সঙ্গে নিশ্চিত করলেন এশিয়ান কাপ রাইজিং স্টারসের সেমিফাইনাল।
শনিবার কাতারের দোহায় অনুষ্ঠিত ‘এ’ গ্রুপের ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলকে ১ উইকেটে হারিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। আগে ব্যাট করে ৪৫ ওভারে ১৭৪ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে ৪৫.৫ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রান তুলে জয় নিশ্চিত করে সাইফ হাসানের দল।
ছোট লক্ষ্য তাড়া করতে নেমেও শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ইনিংসের প্রথম ওভারেই উইকেট হারায় দলটি। এএম গাজানফারের বলে ছক্কা হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন অধিনায়ক সাইফ হাসান। এরপর পারভেজ হোসেন ও শাহাদাত হোসেনের ব্যাটে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। দুজনের ৫০ রানের জুটিতে স্বস্তি ফেরে শিবিরে। পারভেজ ২৭ বলে ৩৩ রান করে ফিরলেও শাহাদাত দলের হাল ধরে রাখার চেষ্টা করেন।
তবে ১৭তম ওভারে নাসির খান মারুফখিলের জোড়া আঘাতে চাপে পড়ে বাংলাদেশ। ইয়াসির আলি ২০ এবং শাহাদাত ২৫ রান করে ফিরে যান। পরের ওভারেই ইরফান শুক্কুরের বিদায়ে আরও বিপাকে পড়ে দল। এরপর ষষ্ঠ উইকেটে সাব্বির রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিন ৪৯ রানের জুটি গড়ে জয়ের আশা জাগান। সাব্বির ৪৩ বলে ২৮ রান করে ফিরলে ভাঙে এই জুটি। পরে সাইফউদ্দিনও ৮০ বলে ২৮ রান করে বোল্ড হন। একে একে রুবেল ও রকিবুলের বিদায়ে জয়ের স্বপ্নও কঠিন হয়ে পড়ে।
শেষ উইকেটে জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩ রান। প্রথম আট বলে মাত্র ৩ রান নিতে পারেন ইমন ও রিপন। তখনই আক্রমণাত্মক হয়ে ওঠেন ইমন। ৪৬তম ওভারে ফারমানউল্লাহ শাফির প্রথম বলে মিড উইকেট দিয়ে চার এবং পরের বল লং অন দিয়ে সীমানার বাইরে পাঠিয়ে বাংলাদেশের জয় নিশ্চিত করেন তিনি। ব্যাট হাতে ১১ রান করে অপরাজিত থাকা ইমন বল হাতেও রেখেছেন অবদান। ৮ ওভারে ৩২ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন রিপন মন্ডল। এ ছাড়া রুবেল ও সাইফ হাসান নেন দুটি করে উইকেট।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১৭৪ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান ‘এ’ দল। দলের পক্ষে সর্বোচ্চ ৪৮ রান করেন অধিনায়ক ইকরাম আলিখিল। ৯৪ বলের ইনিংসে তিনি দলের হয়ে একপ্রান্ত আগলে রাখেন। দ্বিতীয় সর্বোচ্চ ১৯ রান করেন ইমরান মির ও দারভিশ রাসুলি।
বাংলাদেশের হয়ে দুর্দান্ত বোলিং করেন রিপন মন্ডল। ৮ ওভারে ৩৯ রান দিয়ে নেন ৩ উইকেট। রহস্য স্পিনার মোহাম্মদ রুবেল ১০ ওভারে দুই মেডেনসহ মাত্র ২১ রান দিয়ে শিকার করেন ২ উইকেট। এ ছাড়া সাইফ হাসান ও ইকবাল হোসেন ইমন নেন দুটি করে উইকেট।
টানা দুই জয়ে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ‘এ’ দল। একই সঙ্গে শেষ চারে উঠেছে শ্রীলঙ্কা। দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে আফগানিস্তান। আগামী সোমবার একই মাঠে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ওই ম্যাচেই নির্ধারিত হবে গ্রুপসেরা দল।
