আইসিসিসির শাস্তি পেলেন তাওহীদ হৃদয়
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ৯ উইকেটের বড় ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ১৩৭ রানের দুর্দান্ত সেঞ্চুরি করলেও শেষ পর্যন্ত দলের হারের পাশাপাশি বড় শাস্তির মুখে পড়তে হলো ডানহাতি ব্যাটার তাওহীদ হৃদয়কে।
আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করায় আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে হৃদয়কে ম্যাচ ফির ৪০ শতাংশ জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তার নামের পাশে যুক্ত হয়েছে দুটি ডিমেরিট পয়েন্ট। শুক্রবার (২০ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।
ঘটনাটি ঘটেছে জোহানেসবার্গ টেস্টের প্রথম দিনে। আলোকস্বল্পতার কারণে খেলা বন্ধ হওয়ার পর মাঠের দুই আম্পায়ার আহসান রাজা ও অ্যালেক্স ওয়ার্ফ বাংলাদেশ দলের ড্রেসিংরুমের বারান্দার পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় আরও আগেই খেলা বন্ধ করা উচিত ছিল—এমন অভিযোগ তুলে আম্পায়ারদের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করেন হৃদয়। আইসিসি জানিয়েছে, আম্পায়ারদের সঙ্গে কথা বলার সময় তার আচরণ ছিল আক্রমণাত্মক ও অনুপযুক্ত।
এ ঘটনায় হৃদয় আইসিসির আচরণবিধির ২.৮ ধারা ভঙ্গ করেছেন, যা আন্তর্জাতিক ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ সংক্রান্ত লেভেল-১ পর্যায়ের অপরাধ।
ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটের দেওয়া এই শাস্তি তাওহীদ হৃদয় মেনে নিয়েছেন এবং নিজের অপরাধ স্বীকার করেছেন। ফলে এ বিষয়ে আর কোনো আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।
গত ২৪ মাসের মধ্যে এটিই হৃদয়ের প্রথম আচরণবিধি লঙ্ঘনের ঘটনা। আইসিসির নিয়ম অনুযায়ী, লেভেল-১ অপরাধের ক্ষেত্রে সর্বনিম্ন আনুষ্ঠানিক সতর্কতা থেকে শুরু করে সর্বোচ্চ ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা এবং এক বা দুটি ডিমেরিট পয়েন্ট দেওয়ার বিধান রয়েছে।
উল্লেখ্য, কোনো ক্রিকেটারের নামের পাশে ২৪ মাসের মধ্যে চার বা ততোধিক ডিমেরিট পয়েন্ট যুক্ত হলে তা সাসপেনশন পয়েন্টে রূপান্তরিত হয়। দুটি সাসপেনশন পয়েন্ট পেলে সংশ্লিষ্ট ক্রিকেটারকে একটি টেস্ট অথবা দুটি ওয়ানডে কিংবা দুটি টি-টোয়েন্টি ম্যাচে নিষিদ্ধ থাকতে হয়।
