ডি থ্রি ট্রফির নিলামে সর্বোচ্চ দাম শরিফুলের, তাসকিন ২ কোটি ১০ লাখ পয়েন্টে
সংগৃহীত ছবি
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন ঘরোয়া টুর্নামেন্ট ডি থ্রি ট্রফির নিলামে সর্বোচ্চ পয়েন্টে দল পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। তাঁকে ২ কোটি ৩০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সিটিজেনস ব্যাংক। এ ছাড়া তাসকিন আহমেদ ২ কোটি ১০ লাখ এবং ওপেনার তানজিদ হাসান ২ কোটি পয়েন্টে দল পেয়েছেন।
সোমবার ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হচ্ছে তিন সংস্করণের এই টুর্নামেন্টের নিলাম। ব্যতিক্রমী এ আয়োজনে ক্রিকেটারদের মূল্য নির্ধারণ করা হচ্ছে অর্থের পরিবর্তে অকশন পয়েন্টের মাধ্যমে। নিলামে শরিফুলকে নিয়ে একাধিক দলের আগ্রহ দেখা গেলেও শেষ পর্যন্ত সর্বোচ্চ পয়েন্টে তাঁকে দলে নেয় সিটিজেনস ব্যাংক। অন্যদিকে, তাসকিনকে ২ কোটি ১০ লাখ পয়েন্টে দলে ভিড়িয়েছে ওয়ালটন।
ব্যাটসম্যানদের মধ্যে সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন তানজিদ হাসান। তিন সংস্করণেই জাতীয় দলের হয়ে খেলা এই ওপেনারকে ২ কোটি পয়েন্টে দলে নিয়েছে ফরচুন গ্রুপ। একই দল ১ কোটি ৫৫ লাখ পয়েন্টে টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং ৭৫ লাখ পয়েন্টে সৌম্য সরকারকে দলে নিয়েছে।
নিলামে আরও কয়েকজন ক্রিকেটারকে নিয়ে প্রতিদ্বন্দ্বিতা দেখা গেছে। সাইফ হাসানকে ১ কোটি ৯৫ লাখ পয়েন্টে নিয়েছে সেভেন রিংস, একই পয়েন্টে হাসান মাহমুদকে দলে পেয়েছে ব্লু স্টার। জাকের আলি ১ কোটি ৮০ লাখ পয়েন্টে খেলবেন সিটিজেনস ব্যাংকের হয়ে। ওয়ালটন ১ কোটি ৫০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ওয়ানডে ও টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাসকে। একই পয়েন্টে পেসার সৈয়দ খালেদ আহমেদকে নিয়েছে সেভেন রিংস।
নিলামে প্রথম ক্রিকেটার হিসেবে নাম ওঠে অলরাউন্ডার শেখ মেহেদি হাসানের। তাঁকে দেড় কোটি পয়েন্টে দলে নেয় ব্লু স্টার। ‘বি’ ক্যাটাগরির ক্রিকেটারদের মধ্যে প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত সর্বোচ্চ পয়েন্ট পেয়েছেন সাব্বির রহমান। ১ কোটি ২ লাখ পয়েন্টে তাঁকে দলে নিয়েছে ফরচুন গ্রুপ।
এদিকে, বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে ৭০ লাখ পয়েন্টে দলে নিয়েছে সেভেন রিংস। তবে আসন্ন বিগ ব্যাশে মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলার প্রস্তাব পাওয়ায় ডি থ্রি ট্রফির টি-টোয়েন্টি সংস্করণে তাঁকে পাওয়া যাবে না। তিনি খেলতে পারবেন শুধু ওয়ানডে সংস্করণে। অস্ট্রেলিয়ার লিগে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার রিশাদ হোসেনও। তাঁকে ৬০ লাখ পয়েন্টে দলে নিয়েছে ফরচুন গ্রুপ। চোটে থাকা পেসার নাহিদ রানাকে ৭৫ লাখ পয়েন্টে নিয়েছে ব্লু স্টার এবং তাইজুল ইসলামকে ৮০ লাখ পয়েন্টে পেয়েছে সেভেন রিংস।
বিসিবির এই টুর্নামেন্টে ছয়টি দল অংশ নেবে। নিলামের মাধ্যমে তিন সংস্করণ মিলিয়ে প্রতিটি দলকে ২২ জনের স্কোয়াড গঠন করতে হবে। মোট ২৭৫ জন ক্রিকেটারের নাম নিলামে থাকলেও দল পাবেন ১৩২ জন। ক্রিকেটারদের পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ভিত্তিমূল্য ৪০ লাখ, ‘বি’ ক্যাটাগরির ৩০ লাখ, ‘সি’ ক্যাটাগরির ২০ লাখ, ‘ডি’ ক্যাটাগরির ১০ লাখ এবং ‘ই’ ক্যাটাগরির ৫ লাখ পয়েন্ট। প্রতিটি দলের সর্বোচ্চ ব্যয়সীমা ১০ কোটি পয়েন্ট।
ডি থ্রি ট্রফিতে ক্রিকেটারদের ম্যাচ ফি নির্ধারিত হয়েছে ঘরোয়া ক্রিকেটের প্রচলিত আর্থিক কাঠামো অনুযায়ী। চার দিনের প্রথম শ্রেণির ম্যাচে দেড় লাখ টাকা, এক দিনের ম্যাচে এক লাখ এবং টি-টোয়েন্টিতে ৮০ হাজার টাকা করে পাবেন খেলোয়াড়েরা। ক্রিকেটারদের মূল্যমান তুলে ধরা এবং টুর্নামেন্টকে আকর্ষণীয় করতেই পয়েন্টভিত্তিক এই নিলামের আয়োজন করেছে বিসিবি।
নিলাম পরিচালনা করছেন ভারতের অভিজ্ঞ ধারাভাষ্যকার ও নিলাম সঞ্চালক চারু শর্মা। এর আগে টুর্নামেন্টের জন্য ম্যানেজমেন্ট ড্রাফটের মাধ্যমে দলগুলো প্রধান কোচ, সহকারী কোচ, ট্রেনার ও ফিজিও নির্বাচন করেছে।
আগামী ১৫ ডিসেম্বর টি-টোয়েন্টি সংস্করণের মধ্য দিয়ে শুরু হবে ডি থ্রি ট্রফি। উদ্বোধনী ম্যাচ ও ফাইনালসহ অধিকাংশ টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে বরিশালে। মিরপুরে হবে সাতটি ম্যাচ। জানুয়ারিতে মাঠে গড়াবে চার দিনের ম্যাচের প্রতিযোগিতা এবং আগামী মে মাসে হবে ৫০ ওভারের আসর।
তিন সংস্করণ মিলিয়ে টুর্নামেন্টে মোট ৪২টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে টি-টোয়েন্টিতে ১৯টি, ৫০ ওভারের ক্রিকেটে ১৬টি এবং চার দিনের প্রতিযোগিতায় সাতটি ম্যাচ রাখা হয়েছে।
