২৫ বছরের সম্পর্কের ইতি টানছে ল্যাঙ্কাশায়ার, হতাশ জেমস অ্যান্ডারসন
সংগৃহীত
ইংল্যান্ডের কিংবদন্তি পেসার জেমস অ্যান্ডারসনের সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নিয়েছে ল্যাঙ্কাশায়ার ক্রিকেট ক্লাব। এর ফলে শৈশবের প্রিয় ক্লাবটির সঙ্গে দীর্ঘ ২৫ বছরের সম্পর্কের অবসান ঘটতে যাচ্ছে ৪৪ বছর বয়সী এই ক্রিকেটারের। ক্লাবের এমন সিদ্ধান্তে হতাশা প্রকাশ করেছেন অ্যান্ডারসন।
গত সোমবার ল্যাঙ্কাশায়ারের নতুন ক্রিকেট পরিচালক পল ফারব্রেস ও প্রধান নির্বাহী রিচার্ড কেনিয়নের সঙ্গে বৈঠক করেন অ্যান্ডারসন। সেখানে তাঁকে জানানো হয়, ২০২৭ মৌসুমের জন্য নতুন করে চুক্তি করা হবে না। দলের পুনর্গঠন ও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ।
তবে ল্যাঙ্কাশায়ার ছাড়লেও এখনই ক্রিকেটকে বিদায় জানানোর পরিকল্পনা নেই অ্যান্ডারসনের। আগামী মৌসুমেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার ইচ্ছা রয়েছে তাঁর। ইংল্যান্ডের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এই অভিজ্ঞ পেসারকে দলে নিতে আগ্রহ দেখিয়েছে কয়েকটি কাউন্টি ক্লাব।
এবারের মৌসুমে ল্যাঙ্কাশায়ারের হয়ে বল হাতে অসাধারণ পারফরম্যান্স করেছেন অ্যান্ডারসন। মাত্র ১৭.৬৮ গড়ে শিকার করেছেন ৫০ উইকেট। এমন পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে ক্লাবের বর্ষসেরা চ্যাম্পিয়নশিপ খেলোয়াড় নির্বাচিত হন তিনি। তবে ব্যক্তিগত সাফল্যও ক্লাবের সিদ্ধান্ত বদলাতে পারেনি।
অ্যান্ডারসনের দুর্দান্ত বোলিং সত্ত্বেও দলীয়ভাবে হতাশাজনক একটি মৌসুম কাটিয়েছে ল্যাঙ্কাশায়ার। কাউন্টি চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় বিভাগে দ্বিতীয় সর্বনিম্ন অবস্থানে থেকে মৌসুম শেষ করেছে দলটি। ক্লাবটির ইতিহাসে এটিকে অন্যতম হতাশাজনক ফলাফল হিসেবে দেখা হচ্ছে।
বার্নলিতে জন্ম নেওয়া অ্যান্ডারসনের ল্যাঙ্কাশায়ারের হয়ে অভিষেক হয় ২০০১ সালে। এর পরের বছরই ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে যাত্রা শুরু করেন তিনি। দীর্ঘ ক্যারিয়ারে টেস্ট ক্রিকেটে নিজেকে বিশ্বের অন্যতম সেরা পেসার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন এই কিংবদন্তি।
২০২৪ সালে ভারতের বিপক্ষে সিরিজের পর ইংল্যান্ডের টেস্ট দল থেকে সরে দাঁড়ান অ্যান্ডারসন। এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে লর্ডসে খেলেন নিজের শেষ টেস্ট। ১৮৮ টেস্টে ২৬.৪৫ গড়ে তাঁর শিকার ৭০৪ উইকেট। টেস্ট ক্রিকেটের ইতিহাসে পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেট নেওয়ার রেকর্ড তাঁর দখলে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়ের পরও খেলা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যান্ডারসন। কঠিন সময় পার করা শৈশবের প্রিয় ক্লাব ল্যাঙ্কাশায়ারকে সহযোগিতা করাও ছিল তাঁর অন্যতম উদ্দেশ্য।
গত মৌসুমের মাঝপথে ল্যাঙ্কাশায়ারের অধিনায়কের দায়িত্ব নেন অ্যান্ডারসন। পরে গত বছরের নভেম্বরে চুক্তি নবায়নের পর ২০২৬ মৌসুমে পূর্ণকালীন অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেন তিনি। তবে দীর্ঘদিনের সম্পর্ক ও ব্যক্তিগত সাফল্য সত্ত্বেও আগামী মৌসুমে আর ক্লাবটির জার্সিতে দেখা যাবে না এই অভিজ্ঞ পেসারকে।
