নারী দলের নতুন প্রধান কোচ ডেভিড হেম্প
বাংলাদেশ নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন ডেভিড হেম্প। দুই বছরের চুক্তিতে তাকে নারী দলের কোচিং প্যানেলে যুক্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
এর আগে সর্বশেষ এশিয়া কাপ ও এশিয়ান গেমসে ব্যর্থ হয় বাংলাদেশ নারী দল। দলের এমন বাজে পারফরম্যান্সের দায়ে প্রধান কোচের চাকরি হারান সারোয়ার ইমরান। তার স্থলাভিষিক্ত হলেন হেম্প।
আগামীকাল বৃহস্পতিবার দেশে এসে পৌঁছাবেন হেম্প। এরপর ৩ অক্টোবর দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাবেন। সেখানে স্বাগতিকদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়ে নিজের কাজ শুরু করবেন তিনি।
এর আগে বাংলাদেশ এইচপি, জাতীয় দল এবং নারী দলের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে হেম্পের।
