বাংলাদেশের সাবেক কোচ টেইটকে ফেরাতে চায় পাকিস্তান
সংগৃহীত
পাকিস্তান জাতীয় দলের কোচিং স্টাফে আবারও জায়গা হতে পারে শন টেইটের। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারের সঙ্গে বোলিং পরামর্শক হিসেবে কাজ করার বিষয়ে আলোচনা চালাচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। একই সঙ্গে ফিল্ডিং পরামর্শক পদে নিউজিল্যান্ডের সাবেক ব্যাটার মার্টিন গাপটিলকেও যুক্ত করার চেষ্টা করছে দেশটির ক্রিকেট বোর্ড।
সোমবার জিও সুপারকে পিসিবির সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের কোচিং স্টাফে দুটি পৃথক পরামর্শক পদে সাবেক আন্তর্জাতিক ক্রিকেটারদের নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে তারা। বোলিং কোচ অ্যাশলি নফকে এবং ফিল্ডিং কোচ ম্যাকডারমট পদত্যাগ করার পর থেকেই এই দুটি পদ পূরণের চেষ্টা চলছে।
এরই মধ্যে বোলিং ও ফিল্ডিং পরামর্শক নিয়োগের জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিও দিয়েছে পিসিবি। ম্যাকডারমটের পদ ইতোমধ্যে শূন্য হয়েছে। আর ২০২৬ এশিয়ান গেমসে পাকিস্তানের অভিযান শেষ হওয়ার পর বোলিং কোচের দায়িত্ব থেকে সরে যাওয়ার কথা রয়েছে নফকের। ফলে নতুন কোচিং স্টাফ গঠনের অংশ হিসেবে বিদেশি পরামর্শকদের সঙ্গে যোগাযোগ করছে পিসিবি।
শন টেইট এর আগে ২০২২ থেকে ২০২৩ সাল পর্যন্ত প্রায় এক বছর পাকিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। এরপর বাংলাদেশের ফাস্ট বোলিং কোচ হিসেবে কাজ করেন তিনি। তবে পারিবারিক কারণ দেখিয়ে চলতি বছরের জুনে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দেন সাবেক এই অস্ট্রেলিয়ান পেসার।
বাংলাদেশের কোচের পদ থেকে সরে দাঁড়ানোর সময় টেইট জানিয়েছিলেন, তিন সংস্করণে সারা বছর পূর্ণকালীন বোলিং কোচ হিসেবে কাজ করার বিষয়ে তার আগ্রহ নেই। তাই তাকে পূর্ণকালীন কোচ হিসেবে না নিয়ে পরামর্শক হিসেবে নিয়োগের বিষয়ে আগ্রহ দেখাচ্ছে পিসিবি।
অন্যদিকে মার্টিন গাপটিলকে ফিল্ডিং পরামর্শক হিসেবে নিয়োগের আলোচনাও বেশ এগিয়েছে। নিউজিল্যান্ডের সাবেক এই ব্যাটারের সঙ্গে পিসিবির আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানা গেছে।
