মহান মে দিবস, ইসলাম কি বলছে?
ইসলাম পরিশ্রমের উপার্জনকে উৎসাহিত করে এবং সকল বৈধ পেশার মানুষকে সম্মান করে। কর্মক্ষম প্রতিটি মানুষের মাঝেই রয়েছে অপার সম্ভাবনা। ইসলাম এ সম্ভাবনাকে কাজে লাগাতে বলে। ইসলাম বলে— ‘পরিশ্রম কখনো বৃথা যায় না’। পরিশ্রমে যে ঘাম ঝরে, সে ঘামের লোনা পানিতে জন্মায় সফলতার বীজ।
অলসতা, অপারগতা, অকর্মণ্যতা ও দারিদ্র্য থেকে রাসূল (সা.) সব সময় আল্লাহর কাছে পানাহ চাইতেন। তিনি নিজে ব্যক্তিগতভাবে কর্মঠ ছিলেন এবং শ্রমজীবীদের বড্ড ভালোবাসতেন। কোদাল চালাতে চালাতে একজন শ্রমজীবী সাহাবির হাতে কালো দাগ পড়ে গেলে, নবিজি (সা.) পরম মমতায় তাঁর হাতে আলতো করে চুমু খেয়েছিলেন।
নবিজি বলতেন— ‘মানুষের কাছে হাত পাতার চেয়ে কাঠ কেটে পিঠে লাকড়ির বোঝা নিয়ে বাজারে বিক্রি করা অনেক ভালো’। তিনি আরও বলতেন— ‘কায়িক পরিশ্রমের মাধ্যমে স্বহস্তে উপার্জিত জীবিকার চেয়ে শ্রেষ্ঠ জীবিকা আর নেই’। ইসলাম শ্রমিকের অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করেছে এবং দ্রুততম সময়ে তাদের পারিশ্রমিক আদায়ের নির্দেশ দিয়েছে।
শ্রমিকদের ঘামেই গড়ে ওঠে নগর, বন্দর আর সভ্যতা। তারাই উন্নয়নের আসল কারিগর। আসুন,
শ্রমজীবিদের সম্মান দিয়ে কথা বলি। তাদের নায্য অধিকার আদায়ে আন্তরিক হই। তারা ভালো থাকলে, ভালো থাকবো আমরা সবাই।
আজকের এই দিনে কৃষক, দিনমজুর, পোশাক শ্রমিক, নির্মাণ শ্রমিক, গৃহকর্মী, পরিচ্ছন্নতাকর্মী, রেমিট্যান্স যোদ্ধাসহ সকল খেটে খাওয়া মেহনতি মানুষের প্রতি সশ্রদ্ধ সালাম, দু’আ ও অফুরান ভালোবাসা।
(লেখাটি লেখকের ফেসবুক ওয়াল থেকে নেয়া।)
