বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাত, কখন-কারা ইমামতি করবেন
বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদুল ফিতরের নামাজের ৫টি জামাত অনুষ্ঠিত হবে। রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল ফিতর ১৪৪৫ হিজরি উপলক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ৫টি ঈদের নামাজের জামাত অনুষ্ঠিত হবে।
প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এ জামাতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদ সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মো. মিজানুর রহমান। এ জামাতে মুকাব্বির থাকবেন মুয়াজ্জিন ক্বারী মো. ইসহাক।
দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হকে সকাল ৮টায়। এতে ইমামতি করবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি মুহীউদ্দিন কাসেম। মুকাব্বিরের দায়িত্ব পালন করবেন মুয়াজ্জিন (অব.) হাফেজ মো. আতাউর রহমান।
জাতীয় মসজিদে ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়। এ জামাতে ইমামতি করবেন আজিমপুর কবরস্থান মেয়র হানিফ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা ইমরান বিন নূরউদ্দীন। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।
সকাল ১০টায় অনুষ্ঠিত হবে চতুর্থ জামাত। এই জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মো. আবু ছালেহ পাটোয়ারী, মুকাব্বিরে দায়িত্ব পালন করবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. জসিম উদ্দিন।
জাতীয় মসজিদে ৫ম এবং সর্বশেষ জামাত অনুষ্ঠিত হবে সকাল সকাল ১০টা ৪৫ মিনিটে। এই নামাজে ইমামতি করবেন মিরপুরের জামেআ আরাবিয়া আশরাফিয়া এতিমখানার মুহতামিম মাওলানা সৈয়দ ওয়াহিদুজ্জামান। এই জামাতে মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খাদেম মো. রুহুল আমিন।
ইসলামিক ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত এই ৫ জামাতে যদি কোনও ইমাম অনুপস্থিত থাকেন, তবে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন, ফাউন্ডেশনের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন।
