ডিসেম্বরের সমাবেশ হবে ইতিহাসের অন্যতম ঐতিহাসিক সমাবেশ: আবদুস সালাম
আগামী ১ ডিসেম্বরের সমাবেশকে ইতিহাসের অন্যতম ঐতিহাসিক সমাবেশ হিসেবে অভিহিত করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম। তিনি বলেন, এই সমাবেশের মাধ্যমে ১৯৭১ সালের মহান স্বাধীনতা রক্ষা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জনের সুফল দেশবাসীর কাছে পৌঁছে দেওয়ার জোরালো বার্তা দেওয়া হবে।
শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক যৌথ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আবদুস সালাম বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী এই সমাবেশে যোগ দেবেন—এ খবরে ঢাকা মহানগর বিএনপির সব থানা ও ইউনিটসহ সর্বস্তরের নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত। তারা সমাবেশে অংশ নেওয়ার জন্য মুখিয়ে আছেন। বিশেষ করে এটি বিজয়ের মাসের সমাবেশ। আমাদের নেতার হাত ধরেই এ দেশের স্বাধীনতার ঘোষণা এসেছিল। তাই এই সমাবেশ থেকে মাননীয় প্রধানমন্ত্রী স্বাধীনতা ও দেশ রক্ষার যে দিকনির্দেশনামূলক বার্তা দেবেন, তা শোনার জন্য নেতাকর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন।’
তিনি আরও বলেন, ‘১৯৭১ সালে আমরা যে স্বাধীনতার জন্য যুদ্ধ করেছিলাম, সেই স্বাধীনতা সুরক্ষা এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের অর্জনের সুফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার সমাবেশ এটি। এই আয়োজন সফল ও সার্থক করতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।’
সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন আগামী ১ ডিসেম্বরের বিজয় সমাবেশে প্রধানমন্ত্রীর উপস্থিতিকে কেন্দ্র করে মহানগর দক্ষিণের প্রতিটি ইউনিট কমিটির সর্বোচ্চ প্রস্তুতির চিত্র তুলে ধরেন। সমাবেশটি নির্বিঘ্ন, সুশৃঙ্খল ও সাফল্যমণ্ডিত করতে এবং সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে নেতাকর্মীদের সর্বাত্মক প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান তিনি।
যৌথ সভায় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, যুগ্ম আহ্বায়ক আ ন ম ইসলামসহ মহানগরের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। এ ছাড়া মহানগর দক্ষিণের আওতাধীন বিভিন্ন থানা ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতারা সভায় অংশ নেন।
