তৃণমূলে নাশকতা ঠেকাতে বিএনপির ৫ সদস্যের বিশেষ টিম গঠন
চলমান রাজনৈতিক পরিস্থিতি সামাল দেওয়া এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা মোকাবিলায় পাঁচ সদস্যের একটি বিশেষ টিম গঠন করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, সম্ভাব্য নাশকতা প্রতিরোধের পাশাপাশি রাজনৈতিক অস্থিরতার মধ্যে তৃণমূলের সাংগঠনিক নিয়ন্ত্রণ এবং দলীয় শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে এই বিশেষ টিম। বিশেষ করে ডিসেম্বর মাসকে সামনে রেখে সারা দেশের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক রাখার ওপর জোর দিচ্ছে বিএনপির হাইকমান্ড।
বিশেষ টিমে রয়েছেন যাঁরা: শহীদউদ্দীন চৌধুরী এ্যানি (বিএনপির যুগ্ম মহাসচিব ও মন্ত্রী), সুলতান সালাহউদ্দিন টুকু (প্রচার সম্পাদক ও প্রতিমন্ত্রী), বেলায়েত হোসেন মৃধা (কেন্দ্রীয় বিশেষ সম্পাদক), রকিবুল ইসলাম বকুল (ছাত্রবিষয়ক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ), মিয়া নুরুদ্দিন অপু (জাতীয় সংসদের হুইপ)।
প্রধানমন্ত্রী তারেক রহমানের সরাসরি নির্দেশনায় গঠিত এই টিমকে সাংগঠনিক কাজে সার্বিকভাবে সহযোগিতা করছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী এবং স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ।
সংশ্লিষ্টরা জানান, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, অগ্নিসংযোগ ও নাশকতার ঘটনা এবং রাজনৈতিক অস্থিরতার আশঙ্কায় সতর্ক অবস্থান নিয়েছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। কোনো পক্ষ যাতে পরিস্থিতির সুযোগ নিয়ে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে না পারে, সে বিষয়ে তৃণমূল নেতাদের সজাগ থাকতে বলা হয়েছে। একই সঙ্গে যেকোনো ধরনের উসকানিতে পা না দিতে এবং আইন নিজের হাতে তুলে না নিতে দলীয় নেতাকর্মীদের কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে।
