শুক্রবার পাঁচ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নেতাদের সঙ্গে বসছেন ডা. শফিকুর রহমান
ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় বসতে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
আয়োজক সূত্রে জানা গেছে, তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ এবং ভবিষ্যৎ রাজনীতি নিয়ে পারস্পরিক আলোচনা ও মতবিনিময়ের লক্ষ্যেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
যে পাঁচ ছাত্র সংসদের প্রতিনিধিরা অংশ নেবেন: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু), জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু)।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, "বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন ছাত্র সংসদের নেতারা। ইতিমধ্যেই সবাই আমন্ত্রণ পেয়েছেন। সভায় আমরা ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের সার্বিক পরিস্থিতি ও আগামীর নেতৃত্বসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব।"
এর আগে বৃহস্পতিবার ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এই আয়োজনের তথ্য জানিয়ে বলেন, পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হবে।
